মেট্রোরেল যেভাবে আশা জাগাচ্ছে

যাত্রীরা বলছেন, মেট্রোরেলের ভাড়া ও শিডিউল সমন্বয় করা হলে নগরবাসীর কাছে আরো আকর্ষণীয় এবং পছন্দের বাহন হয়ে উঠবে মেট্রোরেল। এর ব্যবহারে যানজট কমার পাশাপাশি কমবে ভোগান্তিও।
মেট্রোরেল পরিচালনাকারী ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেড (ডিএমটিসিএল) কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, ডিসেম্বরের মধ্যে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল চালানোর লক্ষ্যমাত্রাকে সামনে রেখে পারফরম্যান্স টেস্ট জুলাই মাস থেকে শুরু হচ্ছে। এ লক্ষ্যেই কাজ দ্রুত এগিয়ে চলছে।
মেট্রোরেলে কাজের অগ্রগতি:
মেট্রোরেলে এরই মধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয় সংলগ্ন মেট্রো স্টেশনের ৯৭ শতাংশ, প্রেসক্লাবের ৯০, মতিঝিলের ৯০, বিজয় স্মরণীর ৯০, ফার্মগেটের ৯৫ ও কারওয়ান বাজার স্টেশনের ৯০ শতাংশ কাজ সম্পন্ন হয়েছে।
শুক্রবার সরেজমিন রাজধানীর শাহবাগ রেলস্টেশন থেকে শুরু করে মতিঝিল পর্যন্ত ঘুরে দেখা গেছে, ভায়াডাক্টের উপরের তার টানা হয়ে গেছে, আর বিদ্যুতের রিসিভিং সাব-স্টেশনের কাজ চলছে। টিকিট কাউন্টারে যাত্রীদের ওঠানামায় সিড়ি তৈরির কাজও এগিয়ে চলছে।
মেট্রো থেকে নেমেই মিলছে বিআরটিসির শাটল বাস :
মেট্রোরেলে যাত্রীদের যাতায়াত সহজ করেছে বিআরটিসির শাটল বাস। উত্তর থেকে আগারগাঁও স্টেশনে আসা যাত্রীদের পাঁচটি গন্তব্যে পৌঁছে দিচ্ছে এ বাস। আগারগাঁও থেকে খামারবাড়ি/ফার্মগেট, ভাড়া (১০ টাকা), কারওয়ান বাজার/বাংলামোটর (১৫ টাকা), শাহবাগ (২০ টাকা), গুলিস্তান/প্রেসক্লাব (২৫ টাকা), মতিঝিল (৩০ টাকা)।
বাসে উঠতে স্টেশন থেকে নির্ধারিত টাকায় টিকিট কাটতে হচ্ছে। তবে এ বাসে মেট্রোরেলের যাত্রী ছাড়াও যেখানে যেখানে স্টপেজ রয়েছে সেখান থেকেও যাত্রী ওঠানামার ব্যবস্থা রয়েছে। তবে স্টেশন ছাড়া অন্য স্টপেজ থেকে উঠলে বাসের ভেতরে থাকা হেলপার টিকিট কেটে দিচ্ছেন।
সরেজমিন দেখা যায়, আগারগাঁও স্টেশনে ২০টি বাস রয়েছে। যাত্রী বাড়লে আরো ২০টি বাস যোগ হবে বলে জানা গেছে। আর আগারগাঁও মেট্রো স্টেশনের বি গেটের সামনেই থাকে আগারগাঁও-মতিঝিল রুটের শাটল বাস সার্ভিসের কাউন্টার। সেখানে এসব বাসে ওঠার জন্যও রাখা হয়েছে একটি কাউন্টার। কাউন্টার ছাড়াও বাসের ভেতরে রয়েছে টিকিট সংগ্রহের সুযোগ।
এসব প্রসঙ্গে আগারগাঁও স্টেশনে দায়িত্বরত বিআরটিসি’র কল্যাণপুর বাস ডিপোর ট্রাফিক ইনচার্জ মো. নাদিম হোসেন বলেন, মেট্রোরেল বাস সার্ভিসের আওতায় এই মুহূর্তে আমরা ৩০টি বাস প্রস্তুত রেখেছি। আমাদের আগারগাঁও প্রান্তে ২০টি এবং উত্তরা দিয়াবাড়ি প্রান্তে ১০টি বাস রাখা হয়েছে। চাহিদা অনুসারে বাসের সংখ্যা বাড়ানো বা কমানো হবে।
মেট্রো সার্ভিস নিয়ে যা বলছেন যাত্রীরা :
ফার্মগেটের মনিপুরি পাড়া থেকে উত্তরা অফিসগামী রাশিদা বেগমের সঙ্গে কথা হয়। তিনি ডেইলি বাংলাদেশকে বলেন, সকালে ট্রেন সার্ভিস থাকায় স্বাচ্ছন্দ্যে অফিসে যেতে পারছি। একইভাবে বিকেলে সার্ভিস চালু করলে ভালোভাবে গন্তব্যে পৌঁছাতে পারতাম। বিকেলে মেট্রোরেল চালু হলে যাত্রীর সংখ্যাও বাড়বে।
তৌহিদ ইসলাম নামের অপর এক যাত্রী মেট্রোরেলের সাপ্তাহিক বন্ধের বিষয়ে আপত্তি জানিয়ে বলেন, এমনিতেই প্রতিদিন মাত্র চার ঘণ্টা চলে মেট্রোরেল। তার মধ্যে কর্মদিবস মঙ্গলবার মেট্রোরেল বন্ধ থাকাটা কতটা যৌক্তিক?
মেট্রোরেলের নিরাপত্তা ব্যবস্থা :
সরেজমিন আগারগাঁও মেট্রোরেল স্টেশনে দেখা যায়, তল্লাশি ছাড়াই স্টেশনের ভেতরে যাতায়াত করছেন মানুষ। প্রবেশমুখগুলোয় নিরাপত্তা তল্লাশির জন্য নেই কোনো মেটাল ডিটেক্টর, নেই স্ক্যান মেশিনও। ফলে তল্লাশি ছাড়াই টিকিটের জন্য লাইনে দাঁড়াচ্ছেন যাত্রীরা।
এ নিয়ে মেট্রোরেলের এআরও জাকারিয়া ডেইলি বাংলাদেশকে বলেন, ধাপে ধাপে এসব বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। আগারগাঁও ও উত্তরা মেট্রো স্টেশনে ডিউটি করেন ৩৬ জন আনসার ও পুলিশ। রিজার্ভ পুলিশ মিলে এর সংখ্যা ৪০ জন।
গত সোমবার থেকে আগারগাঁও রেলস্টেশনে সকাল থেকে নতুন শিডিউলে চলছে মেট্রোরেল। রেলের জন্য যাত্রীদের অপেক্ষা করতে দেখা গেলেও শুরুর দিকের মতো সেই চিত্র চোখে পড়েনি। দেখা যায়নি সাড়ি সাড়ি লম্বা লাইন। ছিল না তেমন ভিড়ও। বরং স্বাচ্ছন্দে টিকেট কেটে ট্রেনে চড়েছেন যাত্রীরা।
এ সময় যাত্রীদের সঙ্গে কথা বলে জানা যায়, মেট্রোরেলের ভাড়া নিয়ে আপত্তির পাশাপাশি শিডিউল নিয়েও রয়েছে নানা মত। বিশেষ করে বিকেলে মেট্রোরেলের সার্ভিস না থাকায় অফিসমুখী যাত্রীরা হতাশ। তারা বলছেন, সন্ধা ৬টা পর্যন্ত মেট্রোরেল সার্ভিস চালু রাখলে ভালো হতো। বিষয়টি কর্তৃপক্ষ বিবেচনায় নিয়ে বিকেলের সার্ভিস চালু করলে অনেক যাত্রীর সংখ্যাও বাড়বে।
এদিকে ভাড়া নিয়ে বিশেজ্ঞদের পরামর্শ হলো— মেট্রোরেলকে সর্ববান্ধব গণপরিবহনে পরিণত করতে হলে ভাড়া ৩০ শতাংশ কমাতে হবে। তবে মেট্রোরেল পরিচালনাকারী ডিএমটিসিএল কর্তৃপক্ষ ডেইলি বাংলাদেশকে বলেন, খরচের চেয়ে মেট্রোরেলে ৩০ শতাংশ ভাড়া কমিয়ে ধরা হয়েছে।
নগর পরিকল্পনাবিদ ও পরিকল্পনা ও উন্নয়ন গবেষক অধ্যাপক আদিল মুহাম্মদ খান ডেইলি বাংলাদেশকে জানান, রাজধানীতে মেট্রোরেল চালু করা যুগান্তকারী পদক্ষেপ। তবে মেট্রোরেল সাধারণ মানুষের জন্য করতে হলে ভাড়া কমাতে হবে। নতুবা প্রত্যাশা অনুযায়ী যাত্রী পাওয়া যাবে না।
মেট্রোরেলে সৌর বিদ্যুৎ যুক্ত করার পরিকল্পনা :
মেট্রেরেল পুরোপুরি চালু হলে প্রতিদিন ব্যয় হবে ৫ কোটি টাকা। এত ব্যয় সামলে কীভাবে মেট্রোরেল সেবা যাত্রীদের জন্য সুলভ ভাড়া রাখবে- এমন প্রশ্নে অপারেশনের বিভাগের দায়িত্বে থাকা মোহাম্মদ ইফতিখার হোসেন বলেন, অন্তত ৩০ ভাগ আয় যাত্রীর ভাড়া ব্যতীত অন্যখাত থেকে করার পরিকল্পনা রয়েছে। যেমন- মেট্রোরেলের অধীন বাণিজ্যিক স্পেস ভাড়া, স্টেশন এলাকায় নির্মিত–স্থায়ী/অস্থায়ী খুচরা পণ্যের দোকান, ফুড কোর্ট, এটিএম বুথ ইত্যাদি দিয়ে আয় আসবে।
নারী যাত্রীদের জন্য বিশেষ ব্যবস্থা :
রাজধানী ঢাকার সড়কে অসহনীয় যাত্রী দুর্ভোগ কমানোর প্রতিশ্রুতি নিয়ে ২০১২ সালে জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি (একনেক) ২২ হাজার কোটি টাকা ব্যয়ে উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত ২০.১ কিলোমিটার দৈর্ঘ্যের ম্যাস র্যাপিড ট্রানজিট (এমআরটি) লাইন-৬ নির্মাণ প্রকল্পের অনুমোদন দেয়। এরই পরিপ্রেক্ষিতে উত্তরা থেকে কমলাপুর পর্যন্ত ২১ দশমিক ১৬ কিলোমিটার দীর্ঘ এই মেট্রোরেল নির্মাণের কাজ চলছে।

