‘ভাই আগে বলে নেই, তারপর তালি দেন’: প্রধানমন্ত্রী

জাতীয় সংসদে ঢাকা-৪ আসনে সরকারি হাসপাতাল স্থাপনের দাবি নিয়ে আলোচনার সময় হাস্যরসের সৃষ্টি হয়। এক সংসদ সদস্যের বক্তব্যের জবাব দিতে গিয়ে আগেই হাততালি না দেওয়ার অনুরোধ জানিয়ে রসিকতা করেন প্রধানমন্ত্রী।
সম্প্রতি জাতীয় সংসদের অধিবেশনে ঢাকা-৪ আসনের সংসদ সদস্য তার নির্বাচনী এলাকার শ্রমজীবী ও সাধারণ মানুষের চিকিৎসাসেবার সংকট তুলে ধরেন। এ সময় তিনি এলাকায় একটি সরকারি হাসপাতাল স্থাপনের দাবি জানান। একই সঙ্গে হাসপাতাল স্থাপনের সম্ভাব্যতা যাচাইয়ে (ফিজিবিলিটি স্টাডি) প্রধানমন্ত্রী আশ্বাস দিয়েছেন বলেও উল্লেখ করেন।
পরে এ বিষয়ে বক্তব্য দিতে গিয়ে প্রধানমন্ত্রী রসিকতার সুরে বলেন, “ভাই আগে বলে নেই, তারপরে তালি দেন! কি বলব আগে বলে নেই... তালি তো অ্যাডভান্স তালি।”
এরপর দেশের স্বাস্থ্য খাতের বিদ্যমান পরিস্থিতি ও সরকারের ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, অতীতে দেশের স্বাস্থ্যব্যবস্থাকে এমন পর্যায়ে নিয়ে যাওয়া হয়েছিল, যেখানে উন্নত চিকিৎসার জন্য মানুষকে দেশের বাইরে যেতে বাধ্য হতে হতো। তবে বর্তমান সরকার দেশের অভ্যন্তরেই মানসম্মত চিকিৎসাসেবা নিশ্চিত করতে ব্যাপক পরিকল্পনা গ্রহণ করেছে।
প্রধানমন্ত্রী জানান, আগামী পাঁচ বছরের মধ্যে দেশের সব উপজেলার বিদ্যমান ৫০ শয্যার হাসপাতালকে ১৫০ শয্যায় উন্নীত করার পরিকল্পনা নেওয়া হয়েছে। এর আওতায় প্রতিটি হাসপাতালে অতিরিক্ত ১০০টি করে শয্যা সংযোজন করা হবে। এর ফলে উপজেলা পর্যায়ে চিকিৎসাসেবার সক্ষমতা বাড়বে এবং সাধারণ মানুষ স্থানীয় পর্যায়েই আরও উন্নত চিকিৎসার সুযোগ পাবেন বলে আশা প্রকাশ করেন তিনি।
এ ছাড়া দেশের চলমান অর্থনৈতিক সংকটের মধ্যেও স্বাস্থ্যসেবার সম্প্রসারণে সরকার কাজ করে যাচ্ছে বলে উল্লেখ করেন প্রধানমন্ত্রী। তিনি জানান, গত কয়েক মাসে দেশের স্বাস্থ্য খাতে প্রায় সাড়ে তিন হাজার নতুন শয্যা যুক্ত করা সম্ভব হয়েছে।
সংসদে প্রধানমন্ত্রীর বক্তব্যে একদিকে যেমন স্বাস্থ্য খাতের উন্নয়ন পরিকল্পনা উঠে আসে, অন্যদিকে আগাম হাততালি নিয়ে তার রসিকতা আলোচনায় ভিন্ন মাত্রা যোগ করে।

