রাজধানীর আরও ৫০টি স্থানে বসানো হবে এআই সিগন্যাল: প্রধানমন্ত্রী

রাজধানীর যানজট নিয়ন্ত্রণ ও ট্রাফিক ব্যবস্থাপনা আধুনিক করতে নতুন করে ৫০টি স্থানে কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তিনির্ভর ট্রাফিক সিগন্যাল স্থাপন করা হচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। আগামী দুই মাসের মধ্যে এসব সিগন্যাল ও এআই ক্যামেরা কার্যক্রম শুরু করতে পারে বলে আশা প্রকাশ করেছেন তিনি।
বুধবার (১৮ নভেম্বর) জাতীয় সংসদে কুমিল্লা-৯ আসনের সংসদ সদস্য মো. আবুল কালাম আজাদের এক প্রশ্নের জবাবে এ তথ্য জানান প্রধানমন্ত্রী।
তিনি বলেন, রাজধানীর ৫০টি পয়েন্টে নতুন করে এআই সিগন্যাল বসানোর কাজ চলছে। বিভিন্ন পয়েন্টে ইতোমধ্যে সিগন্যাল লাইট স্থাপন করা হয়েছে। তবে সেগুলো এখনো কার্যক্রম শুরু করেনি। আশা করছি, আগামী দুই মাসের মধ্যে এআই ক্যামেরাসহ ট্রাফিক সিগন্যালগুলো চালু হবে। এগুলো কার্যক্রম শুরু করলে ঢাকা শহরের যানজট অনেকটা কমে আসবে।
প্রধানমন্ত্রী আরও বলেন, বিশ্বের যেকোনো বড় শহর বা জনবহুল এলাকায় সাধারণত দুটি সময়ে সড়কে যানজট দেখা যায়। সকালে স্কুল ও অফিস শুরু হওয়ার সময় এবং বিকেলে স্কুল-অফিস ছুটির পর দুই থেকে তিন ঘণ্টা যানজট থাকে। বিশ্বের বড় শহরগুলোতে এমন পরিস্থিতি স্বাভাবিক।
বাংলাদেশেও একই চিত্র দেখা যায় উল্লেখ করে তিনি বলেন, তারপরও যানজটের ভোগান্তি কমাতে সরকার চেষ্টা চালিয়ে যাচ্ছে।

