শীর্ষস্থান দৃঢ় করতে লিভারপুলের মুখোমুখি আর্সেনাল

ইপিএলে দারুণ একটা মৌসুম কাটাচ্ছে আর্সেনাল। ফুটবলারদের দুর্দান্ত ছন্দ আর কোচ মিকেল আর্তেতার সূক্ষ্ম পরিকল্পনাই বদলে দিয়েছে লিগে গানারদের অবস্থা। ইপিএলে টানা সাত ম্যাচ অপরাজিত জেসুস-সাকারা। পরের ম্যাচেও জয় তুলে শিরোপা জয়ের পথে আরও এগিয়ে যাওয়ার লক্ষ্য আর্সেনালের।
টেবিল টপারদের সামনে লিভারপুল বাধা। চলতি মৌসুমে গানাররা ভালো ফর্মে থাকলেও অতীত ইতিহাস কথা বলছে অলরেডদের পক্ষে। গত পাঁচ বছরের ১২ বারের সাক্ষাতে নয়বারই জয়ের হাসি হেসেছে লিভারপুল। মাত্র দুটি ম্যাচে জয় পেয়েছে আর্সেনাল, একটি ম্যাচে আছে ড্র। তবে এ মৌসুমে একেবারেই ভালো ছন্দে নেই ইয়োর্গেন ক্লপের দল। যদিও বিগত পরিসংখ্যান আত্মবিশ্বাস বাড়াবে দলের।
তবে লম্বা ইনজুরি তালিকা ক্লপের জন্য হতে পারে বড় চিন্তার কারণ। দিয়াজ, কেইটা, আলকান্তারাদের পাচ্ছেন না স্কোয়াডে। তবে ইতিহাসের পাতা বড় করতে জয়ের ব্যাপারে বদ্ধপরিকর অলরেডরা। এদিকে চলতি মৌসুমে উড়তে থাকা আর্সেনালও চাইবে জয়ের ধারা অব্যাহত রাখতে।
লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ বলেন, 'চলতি মৌসুমে ফুটবলাররা ভালো খেলছে না। তার মানে এই নয় যে তারা ভালো খেলোয়াড় না। আমরা চাইলেই যেকোনো সময় খেলোয়াড়দের বদল করতে পারি না। এ পরিস্থিতি থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছি আমরা।
এদিকে আর্সেনাল কোচ মিকেল আর্তেতা বলেন, আমাদের দল দুর্দান্ত ছন্দে আছে। আমাদের সামনে বড় একটা চ্যালেঞ্জ। অ্যানফিল্ডে গিয়ে খেলে আমরা জয় নিয়ে ফিরতে চাই। ইয়ুর্গেন ক্লপ সূক্ষ্ম পরিকল্পনামাফিক দল সাজান। নিজেদের সক্ষমতার প্রমাণ দেয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব।
হাইভোল্টেজ এ ম্যাচের আগে দুদলই কষছে পরিকল্পনার ছক। পারফরম্যান্স বিবর্ণ হলেও এ ম্যাচে ঘুরে দাঁড়ানোর লক্ষ্য সালাহদের।

