‘সিভিল সার্জন অফিসকে ম্যানেজ’ করে চলছে অবৈধ ক্লিনিক-হাসপাতাল!

সাইথ বাংলা হসপিটালের মতো নোয়াখালীর ৯ উপজেলায় ৪১৬ প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে।
স্বাস্থ্য অধিদফতরের নিয়মনীতির তোয়াক্কা না করে স্থানীয় সিভিল সার্জন অফিসকে ম্যানেজ করে চলছে এসব প্রতিষ্ঠান। অভিযানে কয়েকদিন বন্ধ থাকলেও প্রভাবশালীদের ছত্র ছায়ায় ফের চালু হচ্ছে এসব প্রতিষ্ঠান।
স্বাস্থ্য অধিদফতর সূত্র জানা গেছে, একটি ১০ শয্যা হাসপাতাল চালু করতে তিনজন এমবিবিএস মেডিকেল অফিসার, চারজন ডিপ্লোমা চিকিৎসক, ছয় জন স্টাফ নার্স ও পরিবেশ অধিদফতরের ছাড়পত্র থাকার নিয়ম থাকলেও নোয়াখালীতে বেসরকারি ক্লিনিকগুলোতে এ নিয়ম মানা হচ্ছে না। অধিকাংশ হাসপাতাল দালালের মাধ্যমে জোরপূর্বক রোগী ভর্তি করে চিকিৎসার নামে অপচিকিৎসা দিচ্ছে। চার-পাঁচটি ব্যতীত অধিকাংশই মানছে না সরকারি নিয়ম। নেই কোনো বৈধ কাগজপত্রও। কিছু হাসপাতালের লাইন্সেস থাকলেও মিলছে না কোনো হালনাগাদ তথ্য।
এসব হাসপাতালে চিকিৎসা নেয়া ভুক্তভোগীরা জানিয়েছেন, হাসপাতাগুলোতে নোংরা পরিবেশ, অব্যবস্থাপনা, ভুল চিকিৎসা, রোগীদের জিম্মি করে টাকা আদায় ও স্বজনদের লাঞ্ছিত করে থাকে।
দালালের মাধ্যমে জোরপূর্বক রোগী ভর্তি করে চিকিৎসার নামে অপচিকিৎসা বিষয়ে জেলার প্রাইভেট ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক ওনার্স অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক গৌতম ভট্ট বলেন, কোনো প্রকার দালাল চক্রকে আশ্রয়-প্রশ্রয় না দেয়ার জন্য সমিতির পক্ষ থেকে নির্দেশনা দেয়া হয়েছে। সরকারের নিয়ম না মানলে বিষয়টি সরকার দেখবে।
সিভিল সার্জন ডা. মাসুম ইফতেখার বলেন, সরকারি নিয়ম না মানায় অনেক হাসপাতালের বিরুদ্ধে অভিযান চলমান রয়েছে।
স্বাস্থ্য মন্ত্রণালয় বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এমপি বলেন, নোয়াখালীতে সারা দেশের মতো ব্যাঙের ছাতার মতো অবৈধভাবে গড়ে উঠেছে প্রাইভেট ক্লিনিক ও ডায়গনস্টিক সেন্টার এটা বন্ধ করতে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
নোয়াখালী ৯ উপজেলায় ৪১৬ প্রাইভেট হাসপাতাল, ডায়াগনস্টিক সেন্টার ও ক্লিনিক রয়েছে। এর বেশিরভাগই জেলা সদর মাইজদিতে। ২০২২-২৩ সালে নবায়ন রয়েছে ৩৯টি,২০২১-২২ সালে ৯৩টি, ২০২০-২১সালে ১১৪টি হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টার। রেজিস্টেশন নবায়ন করলেও ডাক্তার ও নার্সের কাগজপত্র ভুয়া, ডাক্তার ও নার্সের মোবাইল নাম্বারে স্থলে হাসপাতালের মালিক,কর্মচারী ও আয়াদের নাম্বার দেয়া আছে। সম্প্রতি স্ব্যাস্থ্য মন্ত্রণালয়ের বিশেষ অভিযানে ২২টি বেসরকারি হাসপাতাল বন্ধ করে দেয়া হলেও সবগুলে একে চালু হয়েছে।

