বঙ্গবাজারের দোকান কাল থেকে বসবে ফুটপাতে

গতকাল সোমবারও ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি), ক্ষতিগ্রস্ত দোকানি, এমনকি সাধারণ মানুষকেও ধ্বংসস্তূপ সরানোর কাজ করতে দেখা গেছে। এ কাজ শেষ হলে পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আগামীকাল বুধবার থেকে পুড়ে যাওয়া মার্কেটের সামনের ফুটপাতে ফের দোকানদারি শুরু করবেন ব্যবসায়ীরা। ঘুরে দাঁড়ানোসহ সামান্য হলেও ক্ষতি পুষিয়ে নিতে এ সুযোগ পাবেন শুধু মার্কেটের ভেতর বরাদ্দ থাকা দোকানিরা। এরই মধ্যে তাদের তালিকা তৈরির কাজ চূড়ান্ত হয়েছে।
মার্কেট সংশ্লিষ্ট ব্যক্তি ও দোকানিরা বলছেন, ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়েছেন কয়েক হাজার ব্যবসায়ী। এমন পরিস্থিতিতে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা তাদের জন্য সাহায্যের হাত বাড়াতে সরকারসহ বিভিন্ন মহলের কাছে সহায়তা চেয়েছেন। এখন পর্যন্ত ২ কোটি টাকা পাওয়া গেছে। এর পাশাপাশি ঘুরে দাঁড়ানোসহ সামান্য হলেও ক্ষতি পুষিয়ে নিতে দোকান খোলার সিদ্ধান্তকে মাথায় রেখে চলছে পুড়ে যাওয়া মার্কেটের ধ্বংসস্তূপ সরানোর কাজ। আজ মঙ্গলবার বিকালের মধ্যে তা শেষ করা হবে। আগুনের হাত থেকে রক্ষা পাওয়া মালামাল নিয়ে আগামীকাল বুধবার দুপুরে দোকান বসবে। এ কার্যক্রমের উদ্বোধন করবেন ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।
বঙ্গবাজার কমপ্লেক্স দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক জহিরুল ইসলাম বলেন, সোমবার দিনের মধ্যে বঙ্গবাজারের ধ্বংসস্তূপ পরিষ্কারের কাজ শেষ করার কথা রয়েছে। যদি তা সম্ভব না হয় তবে মঙ্গলবার দুপুরের আগে সব কাজ শেষ করা হবে। বিকালের মধ্যে জায়গা লেভেলিং করে দিলে কে কোথায় বসবে আমরা এর একটা তালিকা করে দেব। কাল বুধবার দুপুর ১২টার দিকে মেয়র নিজে থেকে তা উদ্বোধন করবেন।
গত রবিবার সন্ধ্যায় ব্যবসায়ী প্রতিনিধিরা ডিএসসিসি মেয়রের সঙ্গে বৈঠক করেন। এখন পর্যন্ত প্রায় ২ কোটি টাকার অনুদান পাওয়া গেছে। এছাড়া ২ হাজার ৯৬১ জনের একটি তালিকা মেয়রের অফিসে জমা দেয়া হয়েছে বলেও জানান তিনি।
বঙ্গবাজারে কর্মরত সিটি করপোরেশনের কয়েকজন কর্মী জানান, শতাধিক কর্মী ধ্বংসস্তূপ দ্রুত সড়ানোর জন্য কাজ করছেন। বঙ্গবাজার আদর্শ মার্কেটের সামনে কথা হয় ব্যবসায়ী মোশারফ হোসেনের সঙ্গে।
তিনি জানান, শাহবাগ থানায় তিনি সাধারণ ডায়েরি করতে যাচ্ছেন। কারণ তার দোকানের মালামালের বিপরীতে ব্যাংক ঋণ রয়েছে। এ সময় দ্রুত ধ্বংসস্তূপ পরিষ্কার করে বসার ব্যবস্থা করে দেয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, মেয়র হানিফ উড়াল সড়কের নিচে ও বঙ্গবাজারের আশপাশে অনেক ব্যবসায়ীকেই গতকাল চৌকি বা বেঞ্চ পেতে প্যান্ট, গেঞ্জি ও শার্টসহ অন্যান্য পণ্য নিয়ে বসতে দেখা গেছে। তাদের একজন আবদুল্লাহ মামুন বলেন, আমার প্যান্টের দোকান ছিল। বেঁচে যাওয়া মালামাল নিয়ে এখন রাস্তায় বসেছি। ঈদের আগে যদি একটু কিছু করা যায়।
প্রসঙ্গত, গত ৪ এপ্রিল ভয়াবহ আগুনে বঙ্গবাজার শপিং কমপ্লেক্সের প্রায় ৩ হাজার দোকান ও মালামাল পুড়ে ছাই হয়ে যায়। এতে প্রায় ১ হাজার কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন দোকান মালিক নেতারা। আগুনের ঘটনা তদন্তে ফায়ার সার্ভিস ছাড়াও ডিএসসিসি ৮ সদস্যের কমিটি গঠন করেছে। কমিটির ধারণা বঙ্গবাজার মার্কেটে সিগারেট অথবা মশার কয়েল থেকে আগুনের সূত্রপাত হতে পারে। আদর্শ মার্কেট কিংবা মহানগর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার মাঝামাঝি কোনো জায়গা থেকে অগ্নিকাণ্ডের সূত্রপাত হতে পারে। যদিও শর্ট সার্কিট থেকে আগুন লাগার কোনো আলামত পায়নি কমিটি। আগুন লাগার সময় মার্কেটের নিরাপত্তার
দায়িত্বে নিয়োজিত ৮ জন প্রহরী, একজন ইলেকট্রিশিয়ান, কর্মরত ব্যবসায়ী ও ব্যবসায়ী নেতাসহ প্রত্যক্ষদর্শীদের সঙ্গে কথা বলে প্রাথমিকভাবে এ বিষয়ে নিশ্চিত হয়েছে কমিটি।

