সিগারেট অথবা মশার কয়েল থেকে বঙ্গবাজারে আগুন

মঙ্গলবার (১১ এপ্রিল) বিকেলে ডিএসসিসি মেয়র শেখ ফজলে নূর তাপসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে তদন্ত কমিটি।
তদন্ত কমিটির ধারণা, শপিং কমপ্লেক্সের আদর্শ মার্কেট এবং মহানগর শপিং কমপ্লেক্সের তৃতীয় তলার মাঝামাঝি কোনো জায়গা থেকে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
ঢাকা দক্ষিণ সিটির মুখপাত্র ও জনসংযোগ কর্মকর্তা গণমাধ্যমকে এসব তথ্য জানিয়েছেন।
তদন্ত কমিটির প্রতিবেদনে বলা হয়েছে, মশার কয়েল বা সিগারেটের আগুন থেকে আগুনের সূত্রপাত ঘটে বলে প্রাথমিকভাবে ধারণা করা হয়েছে। কারণ হিসেবে বলা হয়েছে, সেখানে মশার প্রচণ্ড উপদ্রব ছিল। এ জন্য অনেকেই মশার কয়েল ব্যবহার করতো।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, চতুর্থ তলায় নিরাপত্তাকর্মীরা থাকত। সেহেরির পর কেউ ধূমপান করে তা পা দিয়ে নেভাতে গেলে কাঠের পাটাতনের ফাঁক দিয়ে তিনতলায় পড়ে যেতে পারে। সেখানে আগুন ছড়িয়ে পড়ার যাবতীয় অনকূল পরিবেশ ছিল।
আগুন লাগার কারণ অনুসন্ধানে মার্কেটের ছয়জন নিরাপত্তা প্রহরী ও একজন বিদ্যুৎমিস্ত্রির সাক্ষ্য নিয়েছে তদন্ত কমিটি। এসব সাক্ষ্যদাতার কাছ থেকে পাওয়া তথ্যে তৃতীয় বা চতুর্থ তলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়। এক্ষেত্রে তৃতীয়তলার এমব্রয়ডারি টেইলার্সকে অগ্নিকাণ্ডের কেন্দ্রস্থল হিসেবে উল্লেখ করেছে তদন্ত কমিটি।
গত ৪ এপ্রিল সকাল সোয়া ৬টায় রাজধানীর বঙ্গবাজারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। খবর পেয়ে একে একে ফায়ার সার্ভিসের অর্ধশত ইউনিট ঘটনাস্থলে যায়। তাদের সঙ্গে পুলিশ, র্যাব, সীমান্তরক্ষী বাহিনী বিজিবি ও সশস্ত্র বাহিনীর সম্মিলিত প্রচেষ্টায় দুপুর সাড়ে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তার আগেই আগুনে সবকিছু হারিয়ে নিঃস্ব হন বঙ্গবাজারের কয়েক হাজার ব্যবসায়ী।

