শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চসিকের ৩ প্রকৌশলীসহ ৭ জনের নামে মামলা

প্রকাশ: ১২ এপ্রিল ২০২৩, ১০:৩৫ অপরাহ্ন আপডেট: ২৯ এপ্রিল ২০২৬, ৩:০৫ পূর্বাহ্ন
চসিকের ৩ প্রকৌশলীসহ ৭ জনের নামে মামলা

বুধবার (১২ এপ্রিল) নগর পুলিশের সহকারী কমিশনার (পাহাড়তলী জোন) এ কে এম মহিউদ্দিন সেলিম এ তথ্য নিশ্চিত করেছেন। পাহাড়ধসে একজনের মৃত্যুর চারদিন পর মঙ্গলবার (১১ এপ্রিল) পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক (মেট্রো) হাছান আহম্মদ বাদী হয়ে নগরীর আকবর শাহ থানায় মামলা দায়ের করেন।

মামলার আসামিরা হলেন- সড়ক নির্মাণ প্রকল্পের পরিচালক চট্টগ্রাম সিটি করপোরেশনের নির্বাহী প্রকৌশলী-৮ আবু সাদাত মোহাম্মদ তৈয়ব, উপ-প্রকল্প পরিচালক জসিম উদ্দিন, সিনিয়র উপ-সহকারী পরিচালক (সিভিল) ওয়ালী আহমেদ, প্রকল্পের ঠিকাদার মেসার্স এবি-হক ব্রাদার্সের ওমর ফারুক ও তার মনোনীত প্রতিনিধি স্ত্রী মোসাম্মৎ তাকিয়া বেগম, কাউন্সিলর জহুরুল আলম জসিম এবং মোহাম্মদ ইসমাইল নামে স্থানীয় একজন।

গত শুক্রবার (৭ এপ্রিল) সন্ধ্যা পৌনে ৬টার দিকে নগরীর আকবর শাহ থানার বেলতলীঘোনা এলাকায় পাহাড়ধসের ঘটনা ঘটে। এতে মুজিবুল হক খোকা (৪৫) নামে একজন নিহত ও চারজন আহত হন।

আকবর শাহ কবরস্থানের পেছনে রেলওয়ে হাউজিং সোসাইটির শেষপ্রান্তে পাহাড় কেটে একটি সড়ক তৈরি করছে সিটি করপোরেশন। সড়কের পাশে প্রতিরোধ দেয়াল নির্মাণের সময় পাহাড় ধসে পড়ে শ্রমিকদের ওপর। গত ১১ ফেব্রুয়ারি চট্টগ্রাম জেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট উমর ফারুক বেলতলীঘোনায় অভিযান চালিয়ে পাহাড় কাটার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করে সাতদিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছিলেন। জব্দ করা হয়েছিল পাহাড় কাটায় ব্যবহৃত এক্সাভেটর।

জেলা প্রশাসনের কর্মকর্তারা জানিয়েছেন, পাহাড়কাটা বন্ধের নির্দেশ দিলেও সেটা মানেনি চসিক। বেলতলীঘোনার পাহাড়তলী মৌজায় প্রায় ১১ একর আয়তনের পাহাড়টির মালিক ‘অগ্রণী ব্যাংক অফিসার্স কো-অপারেটিভ হাউজিং সোসাইটি। স্থানীয় কাউন্সিলর জহুরুল আলম জসিম ও ইসমাইল পাহাড় কেটে সড়ক নির্মাণ তত্ত্বাবধান করছিলেন।

জহুরুল আলম জসিম (৫৩) চট্টগ্রাম সিটি করপোরেশনের ৯ নম্বর উত্তর পাহাড়তলি ওয়ার্ডের কাউন্সিলর। তিনি নগরীর উত্তর পাহাড়তলি ওয়ার্ড আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক। গত ২৬ জানুয়ারি নগরীর আকবর শাহ থানার উত্তর পাহাড়তলীর সুপারি বাগান এলাকায় পাহাড় কাটা ও ছড়াখাল দখল পরিদর্শনে যাওয়া বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতির (বেলা) প্রধান নির্বাহী সৈয়দা রিজওয়ানা হাসানের গাড়িতে হামলার অভিযোগ আছে ওই জনপ্রতিনিধির বিরুদ্ধে।

এর আগে গত বছরের ১০ অক্টোবর লেকসিটি আবাসিক এলাকায় পাহাড় কাটার অভিযোগে কাউন্সিলর জসিম ও তার স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে মামলা দায়ের করেছিল পরিবেশ অধিপ্তর।