শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

নোয়াখালীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

প্রকাশ: ১৩ এপ্রিল ২০২৩, ১:০৫ পূর্বাহ্ন আপডেট: ৮ জানুয়ারি ২০২৬, ১০:৫৮ পূর্বাহ্ন
নোয়াখালীতে জমে উঠেছে ঈদ কেনাকাটা

গত তিন বছর মহামারী করোনার প্রকোপে ঈদের বাজার অনেকটা ঠান্ডা থাকলেও এবার তা সম্পূর্ণ ব্যতিক্রম। প্রচন্ড তাপদাহের কারণে দিনের বেলা বেচাকেনা কম থাকলেও সন্ধ্যার পর মার্কেট ও শপিংমলগুলোতে থাকে উপচেপড়া ভিড়। তবে পণ্য সামগ্রীর দাম আগের বছরগুলোর তুলনায় বেশি হওয়ায় প্রিয়জনদের মুখে হাসি ফোটাতে হিমশিম খেতে হচ্ছে মধ্যবিত্তের। ব্যবসায়ীরা বলছেন, পাইকারীভাবেই দাম বেশি হওয়ায় বিক্রিও করতে হচ্ছে বেশি দামে।

বুধবার (১২ এপ্রিল) সরেজমিনে জেলার প্রধান শহর মাইজদীর বিভিন্ন মার্কেট ঘুরে দেখা গেছে, পবিত্র ঈদুল ফিতরকে সামনে রেখে নোয়াখালী জেলা শহরের প্রতিটি বিপণি বিতানে কেনাকাটার ধুম পড়েছে। সকাল  থেকে গভীর রাত পর্যন্ত ক্রেতা-বিক্রেতাদের হাঁকডাকে সরগরম প্রতিটি জামা-কাপড়, জুতা ও কসমেটিকসের দোকান। আসন্ন ঈদকে সামনে রেখে হাসি খুশি ভাবে নতুন জামা কেনাকাটা করছেন  ক্রেতারা। বেচাকেনা জমে উঠায় খুশি বিক্রেতারাও।

জেলা শহরের পৌর সুপার মার্কেট, হকার্স মার্কেট এবং টার্গেট, শখ, বিগ বাজার, বিশাল, ইয়েলো, ইজি, বার্টন, দরজি বাড়ি, মেনস ওয়ার্ল্ড, আর্ট, ব্রান্ড, কলকাতা বাজারসহ বিভিন্ন বিপণি বিতান ও জুতার শোরুম ঘুরে ক্রেতাদের ভিড় দেখা যায়। এসব প্রতিষ্ঠান থেকে ক্রেতারা দর কষাকষি করে পছন্দের পণ্য কিনছেন।

ব্যবসায়ীদের সাথে কথা বলে জানা যায়, রমজানের শুরুর দিকে মার্কেটে বেশি বিক্রি হয় বাচ্চা ও মহিলাদের জামা কাপড়ের। দিন যতই বাডে এসব পণ্যের বিক্রিও ততই বাড়ে। এখন রমজানের শেষ দিকে এসে সব ধরনের মানুষের চাহিদা মতো কেনাকাটা করছে ভোক্তারা।

এদিকে, বাজারে জামা-কাপড়সহ সব ধরনের জিনিসপত্রের চড়া মূল্য হওয়ায় বরাবরের মতোই ফুতপাতের দোকানে ভিড় করছে নিন্ম আয়ের মানুষ ও মধ্যভিত্তরা। শহরের  হকার্স মার্কেট এলাকায় কথা হয় ইদের কেনাকাটা করতে আসা জামাল উদ্দিনের সঙ্গে। তিনি বলেন, গত বছরও অভিজাত বিপণী বিতান থেকে পরিবারের জন্য ঈদের কেনাকাট করেছি। এবার তা সম্ভব হচ্ছে না। নোয়াখালী সুপার মাকের্টে গিয়েছি কেনাকাটা করতে, সেখানে যে জামা-কাপড়ই ধরি আগুনের মতো দাম। বাজেটের সঙ্গে দামের কোন মিল নেই। তাই বাধ্য হয়ে হকার্স মাকের্টে এলাম। কি আর করা, শুধু জামা-কাপড় কিনলে তো চলবে না, পেটও চালাতে হবে। এমন আক্ষেপ নি¤œ ও মধ্যভিত্ত পরিবারের সকল সদস্যের।

নোয়াখালী সুপার মার্কেটের ব্যবসায়ী আলা উদ্দিন জানান, সাধারণত শবে বরাতের পর থেকেই আমাদের ঈদের বিক্রি শুরু হয়। তবে এ বছর একটু দেরিতেই শুরু হয়েছে। প্রথম কয়েকদিন অনেক কাস্টমার শুধু জামাকাপড় দেখেন এবং দাম শোনেন। সাধারণ সময় আমর দোকানে ২০ থেকে ২৫ হাজার টাকা বিক্রি হয়। রোজার শুরু থেকে এখন প্রতিদিন এক থেকে দেড় লাখ টাকা বিক্রি হচ্ছে। ঈদ যত ঘনিয়ে আসবে বিক্রির পরিমাণও তত বাড়বে।

একই মার্কেটের আরেক ব্যবসায়ী নিজাম বলেন, করোনার কারণে গত তিন বছর ঈদে লোকসানে ছিলাম। এবার করোনা প্রকোপ নেই। কাস্টমাররাও স্বাচ্ছন্দে মার্কেটে আসছেন। আশা করি করোনার লোকসান এবার পুশিয়ে উঠতে পারবো।
মার্কেটের ভেতরে কয়েকজন ক্রেতার সঙ্গে কথা হয়। কেনাকাটা করতে পেরে সবাই খুশি। বেশিরভাগ  ক্রেতাই এসেছে ছেলে, মেয়ে ও পরিবারের সবার জন্য কেনাকাটা করতে। পছন্দের পণ্য কিনতে পেরে খুশি সবাই।

এদের একজন সদর উপজেলার নেওয়াজপুর থেকে আসা লাবনি আক্তার। তিনি দুই ছেলে আর এক মেয়েকে নিয়ে মার্কেটে এসেছেন ঈদের কেনাকাটা করতে। আলাপকালে তিনি বলেন, মার্কেটের ভেতরে মানুষের অনেক ভিড়। সব জিনিসের দাম বেশি। এসেছি দুই ছেলে, মেয়ে, শ্বশুর, শাশুড়ি ও নিজের জন্য জামা-কাপড় কিনতে। শিশু, বুড়ো সবার পোশাকের দাম অনেক বেশি।

একই মার্কেটে কথা হয় বেগমগঞ্জ উপজেলার ছয়ানি এলাকার কোহিনুর বেগমের সঙ্গে। তিনি বলেন, ১০ হাজার টাকা নিয়ে এসেছি শপিং করতে। দুই মেয়ের আর আমার জামা কেনাতেই সব টাকা শেষ। আজ জুতা কিনতে পারিনি। পরে আবার এসে জুতা কিনবো।

শহরের নাম করা কয়েকটি বিপণিবিতানের একটির নাম ‘টার্গেট’। এখান থেকে নিয়মিত জামা, গজ কাপড়  কেনেন মাইজদী হাউজিং এর বাসিন্দা উম্মে কায়সার সুইটি।  তিনি বলেন, দুই মাস আগে যে গজ কাপড় ১২০ টাকায় কিনেছি, সেগুলোর দাম ২২০ টাকা ফিক্সড দাম চাচ্ছে। এমন দাম হলে মানুষ কীভাবে ঈদের কেনাকাটা করবে। পোশাকের দাম সত্যি এতটা বেশি না সিন্ডিকেট করে দাম বেশি নেওয়া হচ্ছে কে জানে।

নোয়াখালী পুরান শহর সোনাপুরে গড়ে ওঠেছে সোনাপুর পৌর সুপার মার্কেট। সেখানে কেনাকাটা করতে আসেন নার্গিস আক্তার ও বিলকিস আক্তার নামের দুই বোন। তাদের সঙ্গে কথা হলে তারা বলেন, গত বছরের চেয়ে এবার প্রতিটি জিনিসের দাম দুই থেকে তিনগুন বেড়েছে। বাজেটের সঙ্গে কেনাকাটার কোন মিল খুঁজে পাচ্ছি না। এবাবে হলে সাধ্যের মধ্যে উত্তম কেনাকাটা সম্ভব নয়।

একই মার্কেটের একাধিক দোকানী বলেন, মার্কেটটি নতুন করে গড়ে ওঠেছে। মার্কেট এখনো জমে ওঠেনি। মার্কেটে নানা অব্যবস্থাপনার কারণে ক্রেতারা আগ্রহ পাচ্ছেনা। ফলে আমাদেরকে পুরো বছরের কথা চিন্তা করে বেচাকেনা করতে হচ্ছে।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নোয়াখালীর সহকারী পরিচালক মো. কাউচার মিয়া বলেন, বেচাকেনায় যেখানে ভোক্তাদের অধিকার ক্ষুন্ন করে অতিরিক্ত দাম নির্ধারণ করা হচ্ছে আমরা অভিযানের মাধ্যমে জরিমানা আদায় করা হচ্ছে। ইতিমধ্যে আমরা বেশ কয়েকটি বিপণী বিতানে অতিরিক্ত মূল্য নির্ধারণের বিরুদ্ধে অভিযান পরিচালিত হয়েছে। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।