নাশকতার খোঁজে গোয়েন্দারা

আগুনের ধরন, সময় প্রভৃতি বিশ্লেষণ করে ভুক্তভোগীসহ অনেকেই প্রশ্ন করছেন, এসব অগ্নিকাণ্ড নিছকই দুর্ঘটনা, নাকি নাশকতা? ঘন ঘন অগ্নিকাণ্ড নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন খোদ প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি এসব ঘটনায় ষড়যন্ত্র বা নাশকতা আছে কিনা, তা খতিয়ে দেখার নির্দেশ দিয়েছেন। এরপরই পুলিশসহ সবকটি গোয়েন্দা সংস্থার সদস্যরা ভোররাতে মার্কেটে অগ্নিকাণ্ডের রহস্য অনুসন্ধানে মাঠে নেমেছেন। বঙ্গবাজার ও নিউ সুপার মার্কেটে আগুন স্রেফ দুর্ঘটনা নাকি নাশকতা- এর জবাব খুঁজতে কাজ শুরু করেছে গোয়েন্দারা।
কেউ বিশেষ কোনো উদ্দেশ্যে এ ঘটনা ঘটিয়েছে কিনা এবং অগ্নিকাণ্ডের পেছনে মার্কেটের কারো দায়িত্বে অবহেলা বা গাফিলতি রয়েছে কিনা সেই তথ্য সংগ্রহের কাজও চলছে। রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে কিনা তারও খোঁজখবর শুরু করেছে একাধিক গোয়েন্দা সংস্থা।প্রধানমন্ত্রী শেখ হাসিনা গতকাল শনিবার সকালে গণভবনে এক সভা শেষে প্রশ্ন রেখে বলেন, ঈদের আগেই কেন একাধিক মার্কেটে আগুন লাগছে, আগুন নেভানোর সময় ফায়ার সাার্ভিসকে কেন বাধা দেয়া হচ্ছে ও অগ্নিনির্বাপণকর্মীদের ওপর কেন হামলা হচ্ছে- যে ঘটনাগুলো ঘটেছে, এগুলো বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাস কিনা। এর আগে সকালে নিউমার্কেট এলাকায় আগুন নিয়ন্ত্রণের ব্রিফিং করতে গিয়ে ফায়ার সার্ভিসের মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মো. মাইন উদ্দিন জানান, আগুনের সূত্রপাত হয়েছে ঢাকা নিউ সুপার মার্কেট (দক্ষিণ) ভবনের তৃতীয় তলা থেকে।
বিষয়টি নাশকতা কিনা, খতিয়ে দেখতে সংশ্লিষ্টদের অনুরোধও জানান তিনি। বিকালে সিদ্ধেশ্বরীতে এক অনুষ্ঠানে পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) চৌধুরী আবদুল্লাহ আল মামুন বলেছেন, রাজধানীতে স¤প্রতি বেশ কয়েকটি মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। অগ্নিকাণ্ডের প্রতিটি ঘটনাই খতিয়ে দেখছে পুলিশ। কোনো নাশকতার ঘটনা থাকলে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে হুঁশিয়ারি দেন তিনি। এর আগে নিউ সুপার মার্কেটে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার খন্দকার গোলাম ফারুক বলেছেন, ফায়ার সার্ভিস বলেছে মার্কেটগুলো ঝুঁকিপূর্ণ। তাছাড়া এমন বৈরী আবহাওয়ার মধ্যে যে কোনো ছোট্ট দুর্ঘটনায় ভয়াবহ আগুনের ঘটনা ঘটতে পারে। পুলিশের পক্ষ থেকে সবগুলো বিষয় খতিয়ে দেখা হচ্ছে। এগুলো নিছক দুর্ঘটনা নাকি অন্য কোনো কারণ আছে সেটাও দেখা হচ্ছে। তিনি বলেন, এর আগে বঙ্গবাজারে একটি বড় ধরনের আগুনের ঘটনা ঘটেছে। গত রাতে হাজারীবাগের ট্যানারিতেও আগুনের ঘটনা ঘটেছে। সুরিটোলায় গুদামে আগুন লেগেছে। সিদ্দিকবাজারের ক্যাফে কুইন ও নিউমার্কেটের পাশের শিরিন ম্যানশনে বিস্ফোরণের ঘটনা দুটোতেও মামলা নেয়া হয়েছে। বঙ্গবাজারের ঘটনায় পুলিশ কমিটি না করলেও তদন্তকাজ চালিয়েছে।
র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) লিগ্যাল এন্ড মিডিয়া উইংয়ের পরিচালক কমান্ডার খন্দকার আল মঈন বলেছেন, নিউমার্কেট এলাকার নিউ সুপার মার্কেটে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় কোনো ধরনের নাশকতা রয়েছে কিনা- এ বিষয়ে র্যাবের গোয়েন্দারা কাজ করছেন।
এদিকে ফায়ার সার্ভিসের সাবেক মহাপরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আবু নাঈম মো. শাহিদউল্লাহ গণমাধ্যমকর্মীদের বলেন, নাশকতা মনে করলে আগে দেখতে হবে, এ ঘটনায় কে বা কারা লাভবান হচ্ছে। আর যদি কেউ লাভবান না হয় তাহলে এটা নাশকতা নয়। তবে শুনেছি কিছুদিন আগে ফুটপাত থেকে হকারদের উচ্ছেদ করা হয়েছে। সেই ক্ষোভ থেকে কেউ এমন করেছে কিনা খতিয়ে দেখতে হবে। প্রায় সবগুলো ঘটনায় ভোরের দিকে এমন আগুন লাগার ঘটনা ‘অস্বাভাবিক’ মনে করেন ফায়ার সার্ভিসের সাবেক এই কর্মকর্তা। তিনি বলেন, নাশকতা হলে একসঙ্গে বিভিন্ন জায়গায় বড় ধরনের আগুনের উৎপত্তি হয়। তেমন কোনো আলামত এখন পর্যন্ত পাওয়া যায়নি। আর মার্কেটগুলো যখন ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়, তখন কোন কোন বিষয়ে ঝুঁকিপূর্ণ ঘোষণা করা হয়েছে? ভবন, ফায়ার অ্যারেজমেন্ট নাকি ইলেকট্রিক সরঞ্জাম বিষয়ে? কোন ঝুঁকিতে আছে সেটা ক্লিয়ার থাকতে হবে।
পুলিশ ও গোয়েন্দা সূত্রে জানা গেছে, প্রতিটি অগ্নিকাণ্ডের পর ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়। এছাড়া একাধিক তদন্ত কমিটি করা হয়। তবে এ পর্যন্ত এমন কোনো আগুনে নাশকতার ক্লু মেলেনি। সবশেষ বঙ্গবাজারে ভোররাতে আগুনের পর নাশকতার অভিযোগ উঠলে এর উৎস সিগারেট বা কয়েল থেকে- এমন রিপোর্ট দিয়েছে তদন্ত কমিটি। এর মাত্র ১১ দিন পর শনিবার ভোরে নিউ সুপার মার্কেটে অগ্নিকাণ্ডের ঘটনায় নাশকতার অভিযোগ জোর পেয়েছে। একের পর এক নাশকতার অভিযোগ ওঠায় তার তদন্তে জোর দিয়েছে সরকার। গোয়েন্দারা মার্কেটের নেতৃত্ব, রাতে ভেতরে কারা থাকেন- এসব বিষয়ে তথ্য সংগ্রহ করছেন। তারা নিউমার্কেট এবং আশপাশের সিসিটিভি ফুটেজ থেকেও আগুনের কারণ খুঁজছেন। ঢাকার বহুল পরিচিত মার্কেটগুলোতে কেন ভোররাতে একইভাবে আগুন ধরছে সে প্রশ্নের জবাব খুঁজছে পুলিশের একাধিক টিম।
অন্যদিকে শনিবার ভোরে লাগা আগুনে ঢাকা নিউ সুপার মার্কেটের প্রায় ১ হাজার ৫০০ দোকান ক্ষতিগ্রস্ত হওয়ার আশঙ্কা করছেন ব্যবসায়ীরা। ওই মার্কেটের ব্যবসায়ী সমিতির সভাপতি মো. শহিদুল্লাহ দাবি করেছেন, সিটি করপোরেশনের লোকেরা রাত ৩টার দিকে ফুটওভার ব্র্রিজ ভাঙার কাজ করছিল, ব্রিজের ওখানে বিদ্যুতের লাইন ছিল; যা তারা খেয়াল করেনি। ওই লাইনের ওপর বুলডোজার চালানোর সময়ই আগুনের সূত্রপাত হয়।
পরিকল্পনা ছাড়াই এই ব্রিজ ভাঙার কারণেই আজ এই দশা (অগ্নিকাণ্ড) হয়েছে বলেও মন্তব্য করেন তিনি। অবশ্য এ ধরনের দাবিকে উড়িয়ে দিয়ে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি) এক বিজ্ঞপ্তিতে বলেছে, একটি স্বার্থান্বেষী মহল এই অগ্নিকাণ্ডকে নিউমার্কেটের সঙ্গে সংযুক্ত পথচারী পারাপার সেতুর (ফুটওভার ব্রিজ) সংযোগ বিচ্ছিন্নকরণের উদ্যোগের সঙ্গে সম্পর্কিত করার অপচেষ্টা করছে। গণমাধ্যমেও এ নিয়ে বিভ্রান্তিকর ও অনাকাক্সিক্ষত সংবাদ প্রচারিত হচ্ছে; যা ডিএসসিসির দৃষ্টিগোচর হয়েছে। দুর্যোগের এই কঠিনতম সময়ে ব্যবসায়ীসহ সংশ্লিষ্ট সবাইকে ‘ভিত্তিহীন সংবাদ ও গুজব’ ছড়ানো থেকে বিরত থাকারও আহ্বান জানিয়েছে সিটি করপোরেশন।
ভুক্তভোগী ব্যবসায়ীদের অনেকের ধারণা, এখানে কেউ না কেউ আগুন ধরিয়ে দিয়েছে। নিউ সুপার মার্কেটের তৃতীয় তলার ব্যবসায়ী মো. সবুজ আহাজারি করে বলেন, ঈদের আগেই ব্যবসায়ীদের মার্কেটে কেন এত আগুন, এটা স্বাভাবিক নয়। মনে হয় কেউ আগুন ধরিয়ে দিয়েছে। ঈদ উপলক্ষে তিনি দোকানে ৩০ লাখ টাকার মালামাল তুলেছিলেন, কিছু মালামাল বিক্রি করেছিলেন। বাকি সব শেষ হয়ে গেছে বলে জানান এই ব্যবসায়ী। মার্কেটের দ্বিতীয় তলায় তাসনিয়া ফ্যাশনের মালিক রুবেল মিয়া জানান, রাত ২টার দিকে দোকান বন্ধ করে নবাবপুরের বাসায় ফেরেন। ভোরে খবর পেয়ে দ্রুত মার্কেটে এসে দেখেন আগুন ছড়িয়ে পড়েছে। প্রথমে স্বজনদের সঙ্গে নিয়ে মালামাল বের করার চেষ্টা করেন। পরে আগুন ছড়িয়ে পড়লে আর ঢুকতে পারেননি।
দোকান থেকে সরিয়ে রাখা কিছু মালামালের কাছে বসেই কাঁদছিলেন তিনি। রুবেল মিয়া নামে এই ব্যবসায়ীর মনেও সন্দেহ- কেউ না কেউ আগুন ধরিয়ে দিয়েছে।
প্রসঙ্গত, শনিবার ভোর ৫টা ৪০ মিনিটে রাজধানী নিউ সুপার মার্কেটে আগুন লাগার খবর পায় ফায়ার সার্ভিস। ফায়ার সার্ভিসের ৩০টি ইউনিট নিরলস প্রচেষ্টা চালিয়ে সকাল ৯টা ১০ মিনিটের দিকে আগুন নিয়ন্ত্রণের তথ্য জানায়। তবে এর অনেক সময় পরও ধোঁয়া দেখা যায়।

