মেক্সিকোতে বন্দুক হামলায় নারী-শিশুসহ নিহত ৭

রবিবার (১৬ এপ্রিল) ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার মধ্য মেক্সিকোতে একটি ওয়াটার পার্কে বন্দুকধারীরা হামলা চালিয়ে সাতজনকে হত্যা করে বলে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে। নিহতদের মধ্যে ছয়জন প্রাপ্তবয়স্ক এবং অন্যজন শিশু। এতে করে পার্কে উপস্থিতদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে।
প্রতিবেদনে আরো বলা হয়েছে, মধ্য মেক্সিকোর কর্টাজার শহরে এই হামলা ও প্রাণহানির ঘটনা ঘটেছে। কর্টাজারের সিটি হল থেকে দেওয়া এক বিবৃতিতে বলা হয়েছে, হামলার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহত তিন নারী, নিহত তিন পুরুষ এবং সাত বছর বয়সী এক শিশুকে মৃত অবস্থায় দেখতে পায়। এছাড়া হামলায় আরও একজন গুরুতর আহত হয়েছেন।
বিবৃতিতে বলা হয়েছে, বন্দুকধারীরা ‘হামলা চালাতে’ স্থানীয় সময় শনিবার বিকেল সাড়ে ৪টায় লা পালমা সুইমিং রিসোর্টে পৌঁছায়। আক্রমণকারীরা সরাসরি একদল লোকের দিকে গিয়ে গুলিবর্ষণ করে। এরপর পালিয়ে যাওয়ার আগে ঘটনাস্থলে থাকা নিরাপত্তা ক্যামেরা হ্যাঁচকা টান দিয়ে নিয়ে যায় বলে কর্তৃপক্ষ জানিয়েছে।
মেক্সিকোর অন্যতম প্রধান টেলিভিশন নেটওয়ার্ক টিভি অ্যাজটেকার ওয়েবসাইটে হামলার পরপরই সেখানকার অবস্থার একটি ভিডিও ফুটেজ প্রকাশ করে। ওই ভিডিওতে আতঙ্কগ্রস্ত প্রাপ্তবয়স্ক এবং শিশুদের দেখা যায়। সেসময় তারা সাঁতারের পোশাক পরে ছিলেন।
এএফপি বলছে, স্কুলের বসন্তকালীন ছুটির শেষ দিনে এই হামলার ঘটনা ঘটে। হামলার শিকার এই সুইমিং রিসোর্টটি একটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের পাশে অবস্থিত এবং আক্রমণের পরে স্থানটিতে বিপুল সংখ্যক সামরিক এবং প্রাদেশিক পুলিশ উপস্থিত হয়।

