নোয়াখালীর ৪ মসজিদে ঈদের নামাজ আদায়

শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় জেলার বেগমগঞ্জ উপজেলার গোপালপুর ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের বসন্তবাগ গ্রামের মুন্সী বাড়ি জামে মসজিদ, জিরতলী ইউনিয়নের ১নং ওয়ার্ডের ফাজলিপুর গ্রামের পাটোয়ারী বাড়ি মসজিদ ও নোয়াখালী পৌরসভার লক্ষীনারায়ণপুর গ্রামের দায়রা বাড়ি কাছারি ঘর ও হরিণারায়নপুর দায়রা শরীফ জামে মসজিদে ঈদুল ফিতরের নামাজের জামাত অনুষ্ঠিত হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, বসন্তবাগ গ্রামের ঈদের জামাতে ২০০-২৫০জন মুসল্লি, নোয়াখালী পৌরসভার হরিনারায়ণপুর ব্যান্ডার মসজিদের পূর্ব পাশে দায়রা ঘরে ২২জন মুসল্লি, জিরতলী ফাজিলপুর গ্রামের মসজিদে ৩০০-৪০০জন মুসল্লি ঈদুল ফিতরের নামাজ আদায় করেন।
স্থানীয় বাসিন্দা কামাল উদ্দিন জানান, সৌদি আরবের সঙ্গে মিল রেখে রোজা রেখেছি এবং সেই অনুযায়ী ঈদ উদযাপন করছি। আমাদের পূর্বপুরুষরা ও একই নিয়ম মেনে রোজা রেখেছে এবং ঈদ উৎযাপন করেছে।
সুধারাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.আনোয়ারুল ইসলাম ও বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি বলেন, প্রাথমিকভাবে জানা যায় ৪টি মসজিদে স্থানীয় কিছু সংখ্যক মুসল্লি সৌদির সঙ্গে মিল রেখে ঈদুল ফিতর উদযাপন করেছে।

