আখাউড়ায় মাদক ব্যবসায়ীর ছুরিকাঘাতে পুলিশ সদস্য আহত

জানা যায়, সন্ধ্যা সাড়ে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে আখাউড়া থানার এসআই জাকির হোসেনের নেতৃত্বে একদল পুলিশ মাদক বিরোধী অভিযান চালায়। অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে ওই এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী সোহেল ও সেলিমসহ আরো কয়েকজন মাদক ব্যবসায়ী দৌড়ে পালানোর চেষ্টা করে। এ সময পুলিশ সদস্য মো. খায়রুল মাদক ব্যবসায়ী সোহেলকে জড়িয়ে ধরে। তাকে পুলিশের হাত থেকে উদ্ধার করতে অপর মাদক ব্যবসায়ী সেলিম পুলিশ সদস্য খায়রুলকে ধারালো ছুরি দিয়ে পেটের বাম পাশে আঘাত করে। গুরুতর আহত খায়রুলকে প্রথমে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরে ব্রাহ্মণবাড়িয়া সদর হাসপাতালে নেয়া হয়।
আখাউড়া থানার পুলিশ পরিদর্শক (ওসি) মো. আসাদুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মাদক ব্যবসায়ী ও হামলাকারীদের আটক করতে পুলিশের অভিযান অব্যাহত আছে।
এ ব্যাপারে অতিরিক্ত পুলিশ সুপার (পুলিশের বিশেষ শাখা) মোহাম্মদ জয়নাল আবেদীন বলেন, উন্নত চিকিৎসার জন্য গুরুতর আহত পুলিশ সদস্যকে ঢাকায় নেয়া হচ্ছে।

