ঘুর্ণিঝড় মোখা: ২০ হাজার রোহিঙ্গার নিরাপত্তা ব্যবস্থায় রেড ক্রিসেন্টের প্রস্তুতি

শুক্রবার (১২ মে) সকালে রেড ক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিট কার্যালয়ে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি কেন্দ্রীয় পরিচালনা পর্ষদের সদস্য ও নোয়াখালী জেলা ইউনিট সেক্রেটারী এডভোকেট শিহাব উদ্দিন শাহীন।
এসময় শিহাব উদ্দিন শাহিন বলেন, অতীতে যেকোনো দুর্যোগে বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির স্বেচ্ছাসেবকরা মানুষের পাশে ছিল। ঘূর্ণিঝড় মোখা মোকেবেলায়ও স্বেচ্ছাসেবীরা বিশেষ প্রস্তুতি গ্রহণ করেছে। ইতোমধ্যে জরুরি পরিস্থিতি মোকাবেলায় ৫ লক্ষ টাকা বরাদ্দ প্রদান করা হয়েছে। এবারের ঘূর্ণিঝড়ে নোয়াখালী অঞ্চলের বড় চ্যালেঞ্জ ভাসানচরে অবস্থানরত রোহিঙ্গাদের প্রয়োজনীয় নিরাপত্তা দেয়া। সে লক্ষ্যে রেড ক্রিসেন্টের পক্ষ থেকে বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। জরুরী পরিস্থিতিতে ভাসানচরের ২০ হাজার রোহিঙ্গাকে দ্রুত অন্যত্র সরিয়ে রাখার মত প্রয়োজনীয় ব্যবস্থা নেয়া হয়েছে। তাদের জন্য তাবুসহ, খাদ্য ও অন্যান্য সরঞ্জামাদি প্রস্তুত রাখা হয়েছে।
তিনি আরো বলেন, আমাদের স্বেচ্ছাসেবীরা ইতোমধ্যে তাদের সব ধরনের প্রস্তুত সম্পন্ন করেছে। আবহাওয়া অফিসের সাথে আমাদের সার্বক্ষণিক যোগাযোগ রয়েছে। ৩নং সতর্ক সংকেত পড়ার সঙ্গে সঙ্গে আমাদের স্বেচ্ছাসেবীরা তাদের কাজে নেমে পড়বেন।
এসময় বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নোয়াখালী জেলা ইউনিটের উপ-পরিচালক নুরুল করিম, যুব প্রধান সানুচিং মারমা বীথি, আরাফাত রহমান তামিমসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, ইলেক্টনিক ও অনলাইন মিডিয়ার সাংবাদিকগন উপস্থিত ছিলেন।
এরআগে বৃহস্পতিবার (১১ মে) বিকালে নোয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ে ‘ঘূর্ণিঝড় মোখা’ মোকাবেলা ও দুর্যোগ পরবর্তীতে করণীয় সম্পর্কে জেলা প্রশাসনসহ সরকারি-বেসরকারিভাবে উদ্যোগের বিষয়ে প্রস্তুতি সভা করা হয়েছে। এতে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও জেলা প্রশাসক দেওয়ান মাহবুবুর রহমান সভাপতিত্ব করেন।

