নোয়াখালীতে সংসদীয় আসনের সীমানা পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ

সোমবার (১৫ মে) দুপুরে সোনাইমুড়ী উপজেলার বজরা বাজার আঞ্চলিক মহাসড়কের ওপর এই প্রতিবাদ মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সোনাইমুড়ী উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.ফ.ম বাবুল বাবু, আওয়ামী লীগ নেতা ইকবাল হোসেন চৌধুরী, আবু বক্কর ছিদ্দিক, মাসুম, সাইফুল ইসলাম, মনিরুল ইসলাম বাবু প্রমুখ।
বক্তরা নোয়াখালী-১ আসনের অর্ন্তভূক্ত বজরা ইউনিয়নকে কোন অবস্থাতেই নোয়াখালী-২ আসনে অর্ন্তভূক্ত না করার দাবি জানিয়ে প্রধান নির্বাচন কমিশনারের কাছে দাবি জানিয়েছেন।
জানাযায় আগামী জাতীয় সংসদ নির্বাচনের আগে নির্বাচনী এলাকা সমূহের এরিয়া পুনঃনির্ধারন করা হবে। নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ.এম ইব্রাহিম চলতি বছরের ৬ ফেব্রুয়ারী প্রধান নির্বাচন কমিশন বরাবর ২৬৮ নং নোয়াখালী-১ আসনের এরিয়া পবির্তন করার জন্য একটি আবেদন করেন। ওই আবেদনে তিনি উল্লেখ করেন যদি ২৬৮ নোয়াখালী-১ এর সীমানা পরিবর্তনের প্রয়োজন হয় তাহলে সোনাইমুড়ী উপজেলার ৭নং বজরা ইউনিয়নটি ২৬৯ নোয়াখালী-২ এর সাথে সংযুক্ত করা হলে উভয় আসনের ভোটার সংখ্যা প্রায় সমান হবে। এক্ষেত্রে ওই আসনের সংসদ সদস্যের কোন প্রকার আপত্তি নেই এবং জনগনেরও কোন আপত্তি নেই। এর কারণ হলো ২৬৯ নোয়াখালী-২ এর সংসদ সদস্য আলহাজ্ব মোর্শেদ আলমের গ্রামের বাড়ী সোনাইমুড়ী উপজেলা থেকে যে ৩টি ইউনিয়ন ২৬৯ নং নোয়াখালী-২ আসনের সাথে সংযুক্ত করা হয়েছে সেই ৩টি ইউনিয়নের মধ্যে এমপির বাড়ী নাটেরশ্বর ইউনিয়নে অবস্থিত। যাহার অবস্থান বজরা ইউনিয়নের সীমানা সংলগ্ন।
নোয়াখালী-১ আসনের চাটখিল উপজেলায় ৯টি ইউনিয়ন ও একটি পৌর সভায় মোট জনসংখ্যা ২ লাখ ৫৮ হাজার ৭৯৪ জন। ভোটার সংখ্যা ২ লাখ ৮ হাজার ৬৮৫ জন এবং সোনাইমুড়ী উপজেলার সংযুক্ত ১০টি ইউনিয়নের মধ্যে ৭টি ইউনিয়ন ও একটি পৌরসভা যার জনসংখ্যা ২ লাখ ৪০ হাজার ৩০০ জন। ভোটার সংখ্যা ২ লাখ ৭ হাজার ৪৬৭ জন। চাটখিল ও সোনাইমড়ী উপজেলায় (নোয়াখালী-১ আসনে) মোট জনসংখ্যা দাড়ায় ৪ লাখ ৯৯ হাজার ৯৪ জন। মোট ভোটার সংখ্যা ৪ লাখ ১৬ হাজার ১৫২ জন। অপর দিকে ২৬৯ নোয়াখালী-২ আসনে সেনবাগ উপজেলার ৯টি ইউনিয়ন ও ১টি পৌরসভা এবং সোনাইমুড়ী উপজেলার ৩টি ইউনিয়ন নিয়ে গঠিত। এ আসনে মোট জন সংখ্যা ৩ লাখ ৬৯ হাজার ৭৮৮ জন এবং ভোটার সংখ্যা ৩ লাখ ১৩ হাজার ৪৫১ জন। এই অবস্থায় ২৬৮ নোয়াখালী-১ আসনের অধীন সোনাইমুড়ী উপজেলার বজরা ইউনিয়ন ২৬৯ নোয়াখালী-২ আসনের সাথে সংযুক্ত করা হলে ভোটার ও জনসংখ্যা সমন্বয় হবে।
এই ব্যাপারে নোয়াখালী-১ আসনের সংসদ সদস্য এইচ এম ইব্রাহিম আবেদন করার বিষয়টি নিশ্চিত করে বলেন নির্বাচন কমিশন প্রতি জাতীয় সংসদ নির্বাচনের আগে সীমানা পরিবর্তন করতে চায়। সে অনুযায়ী যদি কোন কারণে পরিবর্তন করতে হয় তাহলে শুধু বজরা ইউনিয়নকে নোয়াখালী-২ আসনের সঙ্গে সংযুক্ত করা যেতে পারে। এক্ষেত্রে আমার কোন আপত্তি নেই। কারণ হিসাবে তিনি বলেন, সারাদেশে সংসদীয় আসনগুলোতে ভোটার সংখ্যা যেখানে কম-বেশী আছে, সেখানে ভোটার সমন্বয় করার জন্য একটা নিদের্শনা রয়েছে। সে অনুযায়ী আমরা নির্বাচন কমিশনে আবেদন করেছি। বিষয়টি নির্বাচন কমিশনের এখতিয়ার।

