চালকের গলাকেটে অটোরিকশা ছিনতাই

মঙ্গলবার (২৩ মে) দুপুরে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন ওই অটোরিকশা চালকের অস্ত্রোপাচার করা হয়। এরআগে সোমবার (২২ মে) দিবাগত রাত ২টায় সদর উপজেলার বলির দোকান মোড়ে এ ঘটনা ঘটে।
আহত রিকশা চালক বাবুল দিনাজপুর জেলার খানসামা উপজেলার বাসুনী গ্রামের আবদুর রহমানের ছেলে। জীবিকা নির্বাহের তাগিদে গত ৩ বছর যাবত তিনি নোয়াখালী জেলা শহরের লক্ষ্মীনারায়ণপুরের নুর নবী চেয়ারম্যান বাড়ির আনোয়ার হোসেনের গ্যারেজের অটোরিকশা চালাতেন।
গ্যারেজের মালিক আনোয়ার হোসেন জানান, সোমবার রাত আনুমানিক ২ টায় মাইজদী বড় মসজিদ মোড় এলাকা থেকে বলির দোকানে যাওয়ার কথা বলে এক যুবক বাবুলের রিকশায় উঠে। বলির দোকান এলাকায় পৌঁছালে ওই যুবক রিকশাচালক বাবুলের গলায় ধারালো ছোরা দিয়ে আঘাত করে রিকশাটি ছিনিয়ে নেয়। ছোরার আঘাতে বাবুলের গলার চামড়ায় কেটে যায় এবং সেখানে অচেতন অবস্থায় পড়ে থাকে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে ভর্তি করে।
সুধারাম মডেল থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান পাঠান বলেন, বিষয়টি আমরা শুনেছি। হাসপাতালে এবং ঘটনাস্থলে মোবাইল টিম পাঠানো হয়েছে।

