নামের আগে ‘ডাক্তার’ লেখায় স্বামী-স্ত্রীকে জরিমানা

রবিবার (৯ জুলাই) সকাল থেকে দুপুর পর্যন্ত কেরানিহাটের বিভিন্ন স্থানে জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সাতকানিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আরাফাত সিদ্দিকী বলেন, কেরানিহাট বাজারে আরএমপি (রুরাল মেডিক্যাল প্র্যাকটিশনার) হয়ে নামের আগে ‘ডাক্তার’ পদবি লেখায় দুজনকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। তারা পল্লী চিকিৎসক হওয়ার পরেও দীর্ঘ দিন ধরে তাদের প্রেসক্রিপশন প্যাডে ‘ডাক্তার’ পদবী ব্যবহার করে আসছিলেন। এছাড়া, অবৈধ অনলাইন গণমাধ্যম বন্ধে কয়েকটি প্রতিষ্ঠানে নজরদারি করা হয়। অভিযানের সময় প্রতিষ্ঠানগুলো বন্ধ পাওয়া যায়।
সাজেদা প্যাথলজিকে লাইসেন্স না থাকায় ১ হাজার, বিধান ধরকে ডাক্তারের ভুয়া পদবী ব্যবহারের অপরাধে ৩০ হাজার টাকা, ডেইজী রানীকে ডাক্তারের ভুয়া পদবী ব্যবহারের অপরাধে ২০ হাজার, শাহ মজিদিয়া ডেন্টাল কেয়ারকে ২ হাজার, মেসার্স কবির মেডিকো ৫ হাজার, কেরানিহাট ফুড সেন্টারকে মেয়াদোত্তীর্ণ লাইসেন্স ও অব্যবস্থাপনার জন্য ২০ হাজার ও ইনশাআল্লাহ রেস্টুরেন্টকে লাইসেন্স না থাকায় বাংলাদেশ হোটেল ও রেস্তোরাঁ আইন ২০১৪-এর আওতায় ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
এসময় অভিযানে সহযোগিতা করেন স্যানিটারি ইন্সপেক্টর, সাতকানিয়া থানার পুলিশ সদস্য ও উপজেলা ভূমি অফিসের কর্মচারীরা।

