এক দিনেই তিন ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ

আফগানদের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম দুই ম্যাচে লজ্জাজনক হারে এর মধ্যেই সিরিজ থেকে ছিটকে গিয়েছে চন্ডিকা হাথুরুসিংহের শিষ্যরা। চট্টগ্রামের জহুর আহমেদ স্টেডিয়ামে আজকের ম্যাচে জয় নিশ্চিত না করতে পারলে তারা ঘরের মাঠে লজ্জাজনক ধবলধোলাইয়ের মুখোমুখি হবে।
সিরিজের তৃতীয় ও শেষ ম্যাচকে সামনে রেখে গতকাল টাইগারদের নিজেদের ঝালিয়ে নেয়ার দরকার ছিল। তবে চট্টগ্রামের মাটিতে গতকাল সকাল থেকেই ঝরেছে অবিরাম বৃষ্টি। লাল সবুজের প্রতিনিধিদের অনুশীলন শুরু হওয়ার কথা ছিল সকাল ১০টায়। তবে টানা বৃষ্টি হওয়ার কারণে টাইগারদের অনুশীলন বাতিল করা হয়। ফলে ধবলধোলাই এড়ানোর প্রস্তুতিটাও ঠিকভাবে নিতে পারেনি লিটন দাসের দল।
বাংলাদেশের ক্রিকেটে চলতি মাসে সকল দুঃসংবাদের সঙ্গে নতুন মাত্রা যোগ করেছে আফগান সিরিজের দ্বিতীয় ম্যাচে পেসার এবাদত হোসেনের চোট। হাঁটুর চোটে পুরো আফগানিস্তান সিরিজ থেকেই ছিটকে গেছেন এই পেসার। তাই হোয়াইটওয়াশ এড়ানোর ম্যাচের একাদশে নিশ্চিতভাবেই পরিবর্তন আসছে। বোলাররা গত ম্যাচে খুব একটা ভালো ভূমিকা রাখতে পারেননি, সঙ্গে পুরো ব্যর্থ ছিল টাইগার শিবিরের ব্যাটিং ইউনিটও। চট্টগ্রামের স্টেডিয়ামে মূলত ব্যাটিং উইকেট তৈরি করা হয়েছে। তাই আজ হোয়াইটওয়াশ এড়াতে দলের ত্রাতা হয়ে উঠতে হবে ব্যাটারদের।
লিটনদের বিপক্ষে আফগানদের লড়াই চলাকালেই গত ৯ জুলাই শুরু হয় বাংলাদেশ ও ভারত নারী দলের লড়াই। সীমিত ওভারের লড়াইয়ে নিগার সুলতানা জ্যোতির দলও করেছে অসহায় আত্মসমর্পন। এই পরাজয়ের মধ্য দিয়ে ১-০ ব্যবধানে পিছিয়ে পড়ে বাংলাদেশ নারী দল। আজ দুপুর ২টায় তারা সমতায় ফেরার লড়াইয়ে নামবে হোম অব ক্রিকেট খ্যাত মিরপুরের শেরে বাংলা স্টেডিয়ামে।
টাইগ্রেস অধিনায়কের খেলা বড় ইনিংসের উপর ভর করেই বড় সংগ্রহের পথে এগিয়ে যেতে পারতো লাল সবুজের প্রতিনিধিরা। তাই জ্যোতির কম রানে আউট হওয়া মানেই দলের ভালো সংগ্রহের সম্ভাবনা একরকম শেষ হয়ে যাও
য়া। ভারতের বিপক্ষে সেই চিত্রই আরেকবার ফুটে উঠেছে। নারী দলের এই অধিনায়ক ২ রানে আউট হওয়ার পর বাংলাদেশ ২০ ওভার শেষে মাত্র ১১৪ রানের সংগ্রহ গড়তে পেরেছে। আর শক্তিশালী ভারত এই লক্ষ্যে পৌঁছে যায় ৭ উইকেট হাতে রেখেই।
আউট হয়ে ফেরার সময় মাঠে ব্যাট ছুড়ে মারেন বাংলাদেশ অধিনায়ক। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে তিনি বললেন, নিজের প্রতি হতাশা থেকেই অমন প্রতিক্রিয়া ছিল। এই ব্যাটিং লাইন আপে নিজের ভূমিকাটা তার জানা আছে ভালোভাবেই। নিজের প্রতি তার বিশ্বাসও প্রবল।
তার এমন আউটেই বাংলাদেশ ভালো সংগ্রহ পায়নি জানিয়ে তিনি বলেন, ‘মূলত কলটা নন-স্ট্রাইকারের ছিল। ও আমাকে কল করায় বের হয়ে গেছি। এরপর আউট হয়ে যাই দুর্ভাগ্যজনকভাবে। আমি জানি আমার উইকেটের মূল্যটা কী। ওই জায়গাটাতে আমি খেললে দল আরেকটু ভালো কিছু পেত আমার কাছ থেকে। আমি জানি ব্যাটার হিসেবে আমার ভূমিকা কী। ভালো কিছু করতে পারিনি, নিজের ওপর হতাশ ছিলম।’
তিনি যোগ করেন, ‘আমি যেখানে ব্যাটিং করি, আমার যে দায়িত্বটা থাকে, ইনিংস বিল্ড আপ করি, ফিনিশিংও করি। সেক্ষেত্রে বলব যে, কম রান করার ক্ষেত্রে আমার আউট একটা প্রধান কারণ হতে পারে।’
আরেকদিকে দক্ষিণ আফ্রিকার যুবাদের বিপক্ষে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ইতোমধ্যেই সমতায় ফিরেছে টাইগার যুবারা। বাংলাদেশ যুব দলের ইনিংসে শিহাব জেমসের একটি মাত্র ফিফটি থাকলেও ব্যাট হাতে অবদান রেখেছেন বাকিরাও। প্রথম ম্যাচে বড় ব্যবধানে হারলেও তারা দ্বিতীয় ম্যাচে ১৪ রানের জয় নিশ্চিত করেই মাঠ ছাড়তে পেরেছে।
তাই আজ গত ম্যাচের মতো সবাই ভালো অবদান রাখতে পারলে ঘরের মাঠে সিরিজ জয় করা শিহাবদের জন্য অসম্ভব কিছু না।

