হিরো আলমের ওপর হামলা: দুজন রিমান্ডে, পাঁচজন কারাগারে

মঙ্গলবার (১৮ জুলাই) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরফাতুল রাকিবের আদালত শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডে যাওয়া দুই আসামি হলেন-ছানোয়ার কাজী ও বিপ্লব হোসেন। আর কারাগারে যাওয়া ৫ আসামি হলেন-মাহমুদুল হাসান মেহেদী, মোজাহিদ খান, আশিক সরকার, হৃদয় শেখ ও সোহেল মোল্লা।
এদিন মামলার তদন্ত কর্মকর্তা বনানী থানার উপপরিদর্শক (এসআই) নুর উদ্দিন সাত আসামিকে আদালতে হাজির করেন। এর মধ্যে ছানোয়ার ও বিপ্লবের সাতদিনের রিমান্ড ও অপর ৫ আসামিকে কারাগারে আটক রাখার আবেদন করেন তদন্ত কর্মকর্তা। এসময় দুই আসামির রিমান্ড বাতিল চেয়ে জামিন ও ৫ আসামির জামিন আবেদন করেন তাদের আইনজীবীরা। শুনানি শেষে আদালত আসামিদের রিমান্ড ও কারাগারে পাঠানোর আদেশ দেন। বনানী থানার আদালতের সাধারণ নিবন্ধন শাখার উপপরিদর্শক জালাল উদ্দিন এসব তথ্য জানান।
এর আগে মঙ্গলবার (১৮ জুলাই) হিরো আলমের ব্যক্তিগত সহকারী মো. সুজন রহমান শুভ বাদী হয়ে বনানী থানায় মামলাটি দায়ের করেছেন।
বাদী এজাহারে অভিযোগ করে জানান, সোমবার সকাল থেকে ঢাকা-১৭ আসনের উপনির্বাচনের ভোটগ্রহণ শুরু পর হিরো আলম বিভিন্ন কেন্দ্রে পরিদর্শন করতে থাকেন। পরে তিনি বিকেল সাড়ে ৩টায় হিরো আলম বনানী বিদ্যানিকেতন স্কুল অ্যান্ড কলেজে কেন্দ্র পরিদর্শন করতে যান। তারপর প্রায় ৪০ মিনিট কেন্দ্র পরিদর্শন শেষে ৫-৬ সহযোগীসহ হিরো আলম বের হয়ে আসার সময় অজ্ঞাতনামা ১৫-২০ জন গতিরোধ করে বিভিন্ন ধরনের গালিগালাজ করতে থাকে। এক পর্যায়ে আসামিরা হত্যার উদ্দেশ্যে হিরো আলমকে আক্রমণ করে এলোপাথাড়ি কিল-ঘুসি মারতে থাকে।
মারধরের একপর্যায়ে তাদের মধ্যে থেকে অজ্ঞাতনামা একজন হত্যার উদ্দেশ্যে হিরো আলমের কলার চেপে ধরে শ্বাসরোধ করার চেষ্টা করে। এর মধ্যে অপরজন এসে তলপেটে লাথি মারলে তিনি রাস্তায় পড়ে যান।
বাদী এজাহারে আরও অভিযোগ করে জানান, হিরো আলম রাস্তায় পড়ে যাওয়ার পর বাকি আসামিরা তাকে এলোপাতাড়ি কিল-ঘুসি ও লাথি মেরে শরীরের বিভিন্ন স্থানে নীলাফুলা জখম করে এবং টানাহেঁচড়া করে। এসময় হিরো আলমের ব্যক্তিগত সহকারী রাজীব, রনি ও আল আমিন তাকে বাঁচাতে আসলে তাদেরও মারপিট করে জখম করে আসামিরা।

