উড়িরচর-নোয়াখালী ক্রস ড্যাম প্রকল্প অনুমোদন, আনন্দ মিছিল-মিষ্টি বিতরণ

মঙ্গলবার (১৮ জুলাই) রাতে উপজেলার চর এলাহী বাজারে আনন্দ মিছিল, সমাবেশ ও মিষ্টি বিতরণ করা হয়।
স্থানীয় বাসিন্দারা এসময় তাদের দীর্ঘ প্রতিক্ষিত প্রকল্পটি পাশ হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানিয়েছেন।
আনন্দ মিছিল পরবর্তী সমাবেশে বক্তব্য রাখেন, চর এলাহী ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান আব্দুর রাজ্জাক, চর ফকিরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জায়েদুল হক কচি প্রমুখ।
বক্তারা বলেন, কোম্পানীগঞ্জ উপজেলার প্রায় দুই লাখ মানুষের দীর্ঘদিনের অস্তিত্ব রক্ষার দাবি ছিল ছোট ফেনী নদীর ভাঙন প্রতিরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণ। যার প্রেক্ষিতে পানি উন্নয়ন বোর্ড উড়িরচর থেকে নোয়াখালীর সুবর্ণচরের চর ক্লার্ক পর্যন্ত এলাকায় সন্দ্বীপ চ্যানেলে একটি ক্রস ড্যাম নির্মাণের প্রকল্প গ্রহণ করে। মঙ্গলবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে অনুষ্ঠিত একনেকের বৈঠকে প্রকল্পটি অনুমোদন করা হয়। এতে এই অঞ্চলের লাখ লাখ মানুষের দীর্ঘদিনের স্বপ্নের বাস্তবায়ন হতে চলেছে। তাই এ জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরকে ধন্যবাদ জানান বক্তারা।
সমাবেশ শেষে উপস্থিত বাসিন্দাদের মাঝে মিষ্টি বিতরণ করেন চর এলাহী ইউনিয়নের চেয়ারম্যান আব্দুর রাজ্জাক।
এসময় আওয়ামীলীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, ছাত্রলীগের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
পানি উন্নয়ন বোর্ড (পাউবো) নোয়াখালীর নির্বাহী প্রকৌশলী আমির ফয়সাল বলেন, সন্দ্বীপের উড়ির চর থেকে শুরু হয়ে নোয়াখালীর সুবর্ণচরের চর ক্লার্ক ইউনিয়ন পর্যন্ত সন্দ্বীপ চ্যানেলে ক্রস ড্যামটি নির্মাণ করা হবে। এতে প্রাথমিকভাবে ব্যয় ধরা হয়েছে ৫৮৮ কোটি টাকা। এই প্রকল্পটি বাস্তবায়িত হলে কোম্পানীগঞ্জের চর এলাহী ও চর ফকিরা ইউনিয়নে ছোট ফেনী নদীর ভাঙন বন্ধ হবে। সেই সঙ্গে প্রায় ১০ হাজার হেক্টর ভূমি পুনরুদ্ধার হবে।
আমির ফয়সাল জানান, আগামি তিন থেকে চার মাসের মধ্যে প্রকল্পের দরপত্র আহ্বানসহ আনুসাঙ্গিক কার্যক্রম শেষ হবে বলে আশা করা হচ্ছে। আগামি তিন বছরের মধ্যে প্রকল্পটি বাস্তবায়ন করার সময়সীমা নির্ধারণ করা হয়েছে।

