শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

আ.লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাবো না: হিরো আলম

প্রকাশ: ২১ জুলাই ২০২৩, ১:৩৪ পূর্বাহ্ন আপডেট: ২৩ এপ্রিল ২০২৬, ১:১৯ পূর্বাহ্ন
আ.লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাবো না: হিরো আলম

উপনির্বাচন চলাকালীন হামলার ঘটনায় জড়িতদের শনাক্তে ডিবির অতিরিক্ত কমিশনার মোহাম্মদ হারুন অর রশীদের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।

এর আগে বৃহস্পতিবার বিকাল সাড়ে ৩টার দিকে ব্যক্তিগত সহকারী শুভকে নিয়ে ডিবি কার্যালয়ে প্রবেশ করেন হিরো আলম।

আলোচিত এ ডিজিটাল কনটেন্ট ক্রিয়েটর বলেন, এই সরকারের আমলে আমি স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৩ বার নির্বাচন করে মার খেয়েছি। প্রথমে ২০১৮ সালে, এরপর বগুড়ায় উপ নির্বাচনে জিতেও ফল দেয়নি। আবার ঢাকায় উপনির্বাচন করতে এসে মার খেলাম। আমি চেষ্টা করেছি, সুষ্ঠু ভোট হোক, ভোটাররা তাদের ভোট দিতে আসুক। কিন্তু মার খেলাম। আওয়ামী লীগ সরকারের অধীনে আর নির্বাচনে যাবো না।

তিনি আরো বলেন, হামলায় কারা-কারা ছিল তাদের শনাক্তের জন্য আমাকে ডাকা হয়েছিল। আমি ডিবির প্রতি কৃতজ্ঞ তারা দ্রুত হামলাকারীদের ধরেছে, যা ভাবতেও পারিনি। আমি ভেবেছিলাম হামলাকারীরা ক্ষমতাশালী দলের লোক। তাদের হয়তো ধরবে না।

হিরো আলম বলেন, এইবারের হামলায় আমি মারাও যেতে পারতাম। নির্বাচন-নির্বাচন করে অনেক মায়ের কোল খালি হয়েছে। বউ স্বামী হারিয়েছে। যারা ক্ষমতাশালী দলের লোক তারা ঠিকই ক্ষমতা দেখায় ও আদায় করে। নির্বাচন করতে এসে কোন মায়ের জন্য বুক খালি না হয়। যারা হামলা করেছে তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানাচ্ছি আমি। আমাকে পছন্দ না হলে আমাকে ভোট দিয়েন না, এড়িয়ে যান। কিন্তু আমাকে মারার অধিকার দেয়া হয় নাই কাউকে। সেদিন যেভাবে আমাকে মারা হয়েছে একমাত্র সৃষ্টিকর্তার জন্য আমি বেঁচে আছি। হামলাকারীরা আমাকে পাষণ্ডের মত মেরেছে, তাদের বিবেকে বাঁধেনি। মাটিতে পড়ে যাওয়ার পরও তারা আমাকে মেরেছে।

জড়িত হামলাকারীদের গ্রেপ্তারে ডিবির প্রতি কৃতজ্ঞতা জানালও ঘটনার সময় বিজিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, আমাকে যখন মারে তখন আমি কেন্দ্রের সামনে থাকা বিজিবির গাড়ির কাছে গিয়েছিলাম। তারা কিন্তু গাড়ি থেকেই নামেনি। কেন্দ্রের ভেতরে থাকা পুলিশ সদস্যরা যখন জানলেন স্বতন্ত্র প্রার্থী হিরো আলমকে মারা হচ্ছে এটা শুনেও তারা কেন বের হননি? বরং তারা আমাকে মারার ক্ষেত্রে সহযোগিতা করেছেন। এগুলোর তদন্ত হওয়া দরকার।

হামলার ঘটনা জড়িতরা কারা? তাদের রাজনৈতিক পরিচয় সম্পর্কে জানতে চাইলে হিরো আলম বলেন, হামলাকারীদের গায়ে নৌকার সিল দেখেছিলাম। এদের মধ্যে আওয়ামী লীগের কিছু লোকজন ছিল, কিছু ভাড়া করা লোক ছিল। কিছু আওয়ামী লীগের ব্যাচ পড়া ছিল। প্রকৃত আওয়ামী লীগের কয়জন তা জানি না, তাদের কজন পদের লোকজন ছিল।

হামলার ঘটনা সাজানো এমনও শোনা গেছে এমন প্রশ্নের জবাবে হিরো আলম বলেন, হামলায় যদি আমার লোকই থাকে তবে তে আমার লোকই ধরতো। যাদের ধরে আনা হয়েছে তাদেরকে তো রিমান্ডে নেয়া হয়েছে। রিমান্ডে তারা যদি বলে ওরা আমার লোক, তাহলে আমি মাথা পেতে নেবো।

স্বতন্ত্রপ্রার্থী হিসেবে আপনি সাড়ে ৫ হাজারের মতো ভোট পেয়েছেন। অন্য অনেকেই জামানত হারিয়েছেন, আপনার কি মনে হয়, একজন প্রার্থী যখন আক্রমণের শিকার হন, তখন এরকম ক্ষমতাসীন দলের অধীনে আগামী জাতীয় নির্বাচন সুষ্ঠু হওয়া সম্ভব?

এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, না এরকম নির্বাচন হলে…আমার মনে হয় কোন দল যেহেতু নির্বাচনে আসতেছে না, সাধারণ মানুষ হয়তো মনে করেছিল আমরা কিছু স্বতন্ত্র প্রার্থী নির্বাচন করবো। তারা আর কেউ নির্বাচনে আসবে না।

পুলিশ কি সেদিন তাদের দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছিল জানতে চাইলে হিরো আলম বলেন, আমার ওপর যখন হামলা হয় তখন পুলিশ তাদের দায়িত্ব পালনে সত্যি ব্যর্থ হয়েছিল। ইচ্ছা করলে তাদের কর্তব্য পালন করতে পারতো। প্রথমে একটা ছেলে আমাকে ঘুষি মারে। আমি কিন্তু দৌড়ে গিয়ে তাকে বলেছি এই ঘুষি মারলি কেন? আমি পুলিশকে বলছি, এই লোকটি আমাকে ঘুষি মেরেছে। পুলিশ কিন্তু তাকে ধরেনি। উল্টো আমাকে ধরে রেখেছিল। পুলিশের উচিত ছিল তাকে ধরা। তাহলে আর কেউ আমার উপরে হাত দিতে পারত না। সেদিন ঘটনাস্থলে থাকা পুলিশ সদস্যরা কেন নীরবতা পালন করেছিল সেটি আমি জানতে চেয়েছি ডিবির হারুন সাহেবের কাছে।

জাল ভোট সম্পর্কে তিনি বলেন, হ্যাঁ সেদিন জাল ভোট পড়েছিল। আমার কাছে ভিডিও ফুটেজ আছে। ১০০০ করে টাকা ভোট কেন্দ্রে দেয়া হয়েছে। একজন ৫০ টা করে ভোট দিছে। ১২ বছর ১৩ বছরের ছেলে-মেয়েকে তারা ভোট দিতে পাঠাইছে সেল মারতে পাঠাইছে। তারা ভোটারও না ভোটার তালিকা তাদের নামও নেই।

১৩ টি অ্যাম্বেসি ও মিশন আপনার পাশে দাঁড়িয়েছে ও আপনাকে সমর্থন জানিয়েছেন বিষয়টি কি আপনি কিভাবে দেখেন জানতে চাইলে হিরো আলম বলেন, এটাকে আমি সমর্থন করি ও খুবই ভালোভাবে দেখি। এই যে অন্যায় অত্যাচার হচ্ছে, মায়ের বুক খালি হচ্ছে, বাংলাদেশের নির্বাচন কমিশনার হয়তো চুপচাপ সহ্য করতে পারে, কিন্তু বাইরের দেশ এক নয়, একটা লোককে কুকুরের মতো পেটানো হয়েছে, ভোটাধিকার কেড়ে নেয়া হয়েছে, সবাই তো আর এক না যে নীরবতা পালন করবে। তারা দেখছে নির্বাচন কমিশন ব্যর্থতার পরিচয় দিয়েছে। তাই তারা (বিদেশিরা) কথাবার্তা বলছে।