কিশোর গ্যাংয়ের কাছে মার খেলেন নোবিপ্রবির ৩ শিক্ষার্থী

শনিবার (২২ জুলাই) রাত আটটায় নোয়াখালীর জেলা শহর মাইজদী বালুরমাঠ এলাকায় বন্ধুদের নিয়ে আড্ডা দেয়ার সময় স্থানীয় কিশোর গ্যাং সদস্যদের হামলার শিকার হন নোবিপ্রবির ২০২১-২২ সেশনের ৩ শিক্ষার্থী।
আহত শিক্ষার্থীর অভিযোগ, মাইজদী বালুরমাঠ এলাকায় বন্ধু নিয়ে আড্ডা দেয়ার সময় এক স্থানীয় কিশোর এসে একজন শিক্ষার্থীর ওপর চড়াও হয়ে ফোন ছিনতাই করার চেষ্টা করে। এসময় ওই শিক্ষার্থীর সাথে থাকা দুই বন্ধু বাধা দেয়ার চেষ্টা করলে ভুক্তভোগী তিন শিক্ষার্থীকে ১০-১৫ জন কিশোর গ্যাং সদস্য এসে মারধর করে। হামলাকারীদের বেশির ভাগের বয়স ১৫-১৭ বছরে মধ্যে বলেও জানান ভুক্তভোগী তিন শিক্ষার্থী।
নোবিপ্রবির (ভারপ্রাপ্ত) প্রক্টর সহকারী অধ্যাপক মোহাম্মদ ইকবাল হোসাইনের সঙ্গে কথা বললে তিনি বলেন, ভুক্তভোগী শিক্ষার্থীরা স্থানীয় পুলিশের কাছে অভিযোগ দায়ের করুক। বিশ্ববিদ্যালয় প্রশাসন এ বিষয়ে সহযোগিতা করবে।

