পশ্চিমবঙ্গে তৃণমূল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা

বাড়ি থেকে কিছুটা দূরে কয়েক জন দুর্বৃত্ত তাকে ধরে প্রথমে এলোপাথাড়ি গুলি চালায়।পরে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মৈমুর ঘরামি গ্রাম পঞ্চায়েত নির্বাচনে তৃণমূলের জয়ী প্রার্থী।দক্ষিণ ২৪ পরগনার অর্জুনপুর এলাকায় শুক্রবার রাতে ঘটনাটি ঘটে।
তিনি পঞ্চায়েত নির্বাচনে শাসক দলের জয়ী পঞ্চায়েত সদস্য ছিলেন। মৈমুরের পাশাপাশি এই ঘটনায় গুলিবিদ্ধ হন তার প্রতিবেশী শাজাহান মোল্লা।
তাকে আশঙ্কাজনক অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। এই ঘটনায় এরই মধ্যেই একজনকে আটক করেছে মগরাহাট থানার পুলিশ। খুনের ঘটনার পর থেকে থমথমে অবস্থা বিরাজ করছে মগরাহাট পূর্বর অর্জুনপুর এলাকা। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।
ঘটনার পর রাতেই বিশাল পুলিশ বাহিনী নিয়ে হাসপাতালে পৌঁছান ডায়মন্ড হারবারের এসডিপিও মিতুন দে।
এ ঘটনা প্রসঙ্গে মিতুন বলেন, মগরাহাট পূর্ব গ্রাম পঞ্চায়েতের অর্জুনপুরে তৃণমূলের জয়ী প্রার্থী ছিলেন মৈমুর।তাকে খুন করা হয়েছে। পাশাপাশি আরেকজন আহতও হয়েছেন।
ইতিমধ্যেই একজনকে আটক করা হয়েছে।ওই দুর্বৃত্তরা এলাকায় চুরিচামারির সঙ্গে যুক্ত বলে প্রাথমিক তদন্তে উঠে এসেছে।
তাদের বাধা দেয়ার কারণেই শুক্রবার রাতে মৈমুরের উপর হামলা চালানো হয়। একটি জমিজায়গা সংক্রান্ত বিবাদের বিষয়ও উঠে এসেছে।
তবে এই খুনের নেপথ্যে রাজনৈতিক কোনও কারণ রয়েছে কি-না, তা-ও খতিয়ে দেখা হচ্ছে বলে ডায়মন্ড হারবারের এসডিপিও জানিয়েছেন।

