ইতালিতে পাকিস্তানি সন্ত্রাসীর হাতে বাংলাদেশি খুন

নিহতের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্বজনরা। নিহত মাসুদুর রহমান নোয়াখালী সদর উপজেলার পশ্চিম চরউরিয়া গ্রামের মান্নান নগর বাজার এলাকার বীর মুক্তিযোদ্ধা মরহুম হোসেন আহমদের ছেলে।
গত বৃহস্পতিবার (২৭ জুলাই) বাংলাদেশ সময় রাত সাড়ে ৮টার দিকে রোম শহরের কল্লেঅপ্পিয়ো পার্কে এই ঘটনা ঘটে।
নিহত মাসুদের রহমানের বড় ছেলে আবদুল কাদের জিলানী বলেন, প্রায় ১০ বছর আগে আমাদের পরিবারের দুঃখ গোছাতে জীবন-জীবিকার তাগিদে ইতালিতে প্রবেশ করে বাবা। তখন আমি ছোট ছিলাম, বাবার আদর তেমন একটা পায়নি। ভেবেছিলাম বাবা দেশে ফিরে এলে তাঁর আদর-ভালোবাসার পরিপূর্ণতা পাবো। তা আর হলো না। বাবাকে ওই পাকিস্তানি সন্ত্রাসী বাঁচতে দেয়নি, সে আমার বাবাকে হত্যা করেছে। আমরা তাঁর ফাঁসি চাই। একই সঙ্গে সরকারের কাছে দাবি জানাচ্ছি আমার বাবার লাশ যেন দ্রুত দেশে পিরিয়ে আনা হয়।
নিহতের বড় ভাই মো. ফারুক হোসেন বলেন, আমার ভাই পরিবারের কথা চিন্তা করে ইতালিতে গেছে। তার উপার্জিত অর্থে দুই ছেলেসহ পরিবারের সদস্যরা ভালোই চলছিল। হঠাৎ করে শুক্রবার সকালে শুনতেপেলাম মাসুদুর রহমান রোম শহরের কল্লেঅপ্পিয়ো পার্কে ঘুরতে গেলে সেখানে পাকিস্তানি এক সন্ত্রাসীর সঙ্গে তার কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে ওই সন্ত্রাসী বিয়ারের বোতল ভেঙ্গে এলোপাতাড়ি মাসুদকে আঘাত করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। আমরা পাকিস্তানি ওই সন্ত্রাসীকে যেন সর্বোচ্চ শাস্তি প্রদান করা হয় সেই দাবি জানাচ্ছি। একই সঙ্গে মাসুদের লাশ দ্রুত দেশে ফিরিয়ে আনতে সরকারের সহযোগিতা কামনা করছি।

