সুবর্ণচরে মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে মানববন্ধন-বিক্ষোভ

শুক্রবার (১১ আগস্ট) বেলা ১১ টার দিকে উপজেলার চরক্লার্ক ইউনিয়নের চরক্লার্ক গ্রামে এ মানববন্ধন-বিক্ষোভ অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আবদুল হালিম মানিক, আলী হোসেন, রোকেয়া বেগমসহ পাঁচ শতাধিক গ্রামবাসী অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সাবেক ইউপি সদস্য আবদুল হালিম মানিক বলেন, ৩ বছর আগে চরক্লার্ক গ্রামের বাসিন্দা দাতা আবদুল মান্নান স্থানীয় ইউসুফ ও ইব্রাহিমের নিকট প্রায় ৪০ শতাংশ জমি বিক্রি করে দখল বুঝিয়ে না দিয়ে স্থানীয় বিচার-সালিশ অমান্য করে জোরপূর্বক ভোগ করে আসছে। সর্বশেষ বৃহস্পতিবার (১০ আগস্ট) সকালে দখলীয় জমিতে ঘর ভাংচুর করে উচ্ছেদ নাটক সাজিয়ে নিজ মেয়ে কুসুমকে দিয়ে ইউপি সদস্য মো. এনায়েত উল্যাহ’সহ স্থানীয় লোকজনের বিরুদ্ধে অপপ্রচার ও মিথ্যা মামলা দায়ের করে হয়রানি শুরু করে। তাদের দেয়া মিথ্যা মামলা দায়েরের কারণে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
স্থানীয় বাসিন্দা রোকেয়া বেগম বলেন, নিজেদের ঘর নিজেরা ভেঙে যে মামলা দিয়েছেন গৃহবধূ, তা মিথ্যা মামলা। তাদেরকে এক সপ্তাহের জন্য থাকতে দেওয়া হয়েছে। সেই সুযোগে বিক্রিত জমিতে উচ্ছেদের নাটক করে মিথ্যা মামলা দিয়ে তারা আমাদের মেম্বার ও এলাকার লোকজনকে হয়রানি করছে। আমাদের এনায়েত মেম্বার ভালো লোক, এই মহিলা আমাদের মেম্বার সম্পর্কেও খারাপ মন্তব্য রটিয়েছে।
মানববন্ধনকারীদের দাবি, আবদুল মান্নান ও তার মেয়ে কুসুম তাদের জমি বিক্রি করে দেওয়ার পরও তা দখল বুঝি না দিয়ে জোরপূর্বক ভোগ দখল করে রাখতে ভাংচুর ও উচ্ছেদ নাটক সাজিয়েছে। বিধবা কুসুম মথ্যিা রটিয়ে স্থানীয় মেম্বারের বিরুদ্ধে অপপ্রচার ও থানায় মামলা দিয়ে হয়রানি করছে। অবিলম্বে মিথ্যা মামলা প্রত্যাহার ও বিক্রিত সম্পত্তি দখল বুঝিয়ে দেওয়ার দাবি জানান তারা।
মামলার বাদি অভিযুক্ত গৃহবধূ বলেন, আমার স্বামী মারা গেছে প্রায় এক বছর আগে। তাই এখন মায়ের সঙ্গে বসবাস করছি। স্থানীয় ইউসুফ ও ইব্রাহিমদের সঙ্গে আমাদের জায়গা-জমি নিয়ে বিরোধ চলছে। স্থানীয় এনায়েত মেম্বার আমার বিরুদ্ধে গিয়ে তাদেরকে সার্পোট দিয়ে আসছে। মেম্বারের নির্দেশে ইউসুফ ও ইব্রাহিমরা লোকজন নিয়ে আমার বসতঘর উচ্ছেদ করে। আমি এ অন্যায়ের বিচার চাই।
চরক্লার্ক ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান অ্যাড. মো. আবুল বাসার বলেন, জমির মালিক ইউসুফ ও ইব্রাহিম। তারা ৩ বছর আগে ৭ লাখ টাকা দিয়ে জমিটি কিনেছে। আমরা গৃহবধূ কুসুমকে অনেকবার বলেছি জমি বুঝিয়ে দিতে। তিনি না মানায় ইউসুফ ও ইব্রাহিমদের আইনের আশ্রয় নিতে বলেছি। কিন্তু গৃহবধূ উল্টো ঘর-বাড়ি উচ্ছেদের মামলা দিয়েছেন।
এবিষয়ে চরজব্বর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেবপ্রিয় দাস বলেন, উচ্ছেদের অভিযোগ এনে কুসুম নামের এক গৃহবধূ থানায় একটি মামলা দিয়েছেন। আমরা একজনকে গ্রেপ্তার করেছি।

