সর্বোচ্চ গোলদাতা হতে আর কত গোল প্রয়োজন মেসির

আপাতত ফুটবলের ইতিহাসে সর্বোচ্চ গোলের রেকর্ডটা রোনালদোর। প্রীতি ম্যাচ বাদে পেশাদার ফুটবলে শনিবার রাতের ম্যাচটির আগ পর্যন্ত ১১৭৩ ম্যাচে ৮৪২ গোল করেছেন রোনালদো। প্রতি ১১৩ মিনিটে একটি করে গোল করেছেন সৌদি আরবের ক্লাব আল নাসরের এই পর্তুগিজ কিংবদন্তি।
মেসি ১০৩৩ ম্যাচে ৮১৫ গোল করেছেন। প্রতি ১০৪ মিনিটে একটি করে গোল। গোলের এই দৌড়ে রোনালদোর চেয়ে মেসি এখনো ২৭ গোলে পিছিয়ে। ব্যবধানটা বেশ বড় মনে হলেও মেসির বর্তমান ফর্ম বলে দিচ্ছে রোনালদোকে ধরতে আর বুঝি বেশি দেরি নেই!
এদিকে ক্লাব ফুটবলে মেসির গোলসংখ্যা ৭১২ (৮৫৮ ম্যাচ)। বার্সেলোনার হয়ে ৬৭২ গোল করেছেন, পিএসজিতে ৩২ আর মায়ামির হয়ে এ পর্যন্ত ৮ গোল।
ক্লাব ক্যারিয়ারে গোলসংখ্যায় রোনালদোকে পেছনে ফেলতে মেসির চাই আরও ৮ গোল। ৯৭৩ ম্যাচে ৭১৯ গোল করেছেন রোনালদো। গোলসংখ্যা বাড়িয়ে নেয়ার সুযোগ তারও আছে।

