বেগমগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে ৩ ভাইয়ের মৃত্যু

সোমবার (৪ সেপ্টেম্বর) বেলা সোয়া ১০টার দিকে উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় পোল-হোরম্বি সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, আরাফাত হোসেন শুভ ও মোহাম্মদ হৃদয় উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের ঘাটলা গ্রামের সর্দার বাড়ির আব্দুল দাইয়ানের ছেলে এবং মো.জাহেদ আব্দুল দাইয়ানের বড় ভাই মো.কামাল হোসেনের ছেলে।
কাদিরপুর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মো.সালাহ উদ্দিন জানান, সকাল সোয়া ১০টার দিকে তিন ভাই মোটরসাইকেল নিয়ে ঘুরতে বের হন। একপর্যায়ে তিন ভাই স্থানীয় ঘাটলা আব্দুর রব উচ্চ বিদ্যালয়ের সামনে থেকে হোরম্বি বাজারের উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা মোটরসাইকেল উপজেলার কাদিরপুর ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের বড় পোল টু হোরম্বি সড়কের ঘাটলা হাসান হুজুরের মাদরাসা সংলগ্ন এলাকায় পৌঁছলে নিয়ন্ত্রণ হারিয়ে একটি গাছের সঙ্গে ধাক্কা খেয়ে খালে পড়ে যায়। এতে তিন ভাই গুরুত্বর আহত হয়। দুই ভাই ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয় তাদের উদ্ধার করে প্রথমে উপজেলার চৌমুহনী বাজারের একটি প্রাইভেট হসপিটালে নিয়ে যায়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পথে আরেক জনের মৃত্যু হয়।
নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য নোয়াখালী আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।
বেগমগঞ্জ থানার ডিউটি অফিসার উপপরিদর্শক (এসএসআই) মো.রফিকুল ইসলাম বলেন, এ বিষয়ে ভুক্তভোগী পরিবার থানায় অবহিত করেনি।
বেগমগঞ্জ থানার ওসির দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) ফরিদুল আলমের মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। তাই এ বিষয়ে তার কোনো বক্তব্য পাওয়া যায়নি।

