‘গণপূর্তের জায়গা দখল নয়’: সাময়িক ব্যবসার সুযোগ চান ব্যবসায়ীরা

রোববার ভোরের কাগজ পত্রিকাসহ বিভিন্ন গণমাধ্যমে গণপূর্ত বিভাগের শতকোটি টাকার সরকারি জায়গায় মার্কেট নির্মাণ চলছে শিরোনামে খবর প্রকাশ হলে ব্যবসায়ীরা সাংবাদিকদের জানান ওই জায়গা দখল হচ্ছে না। জীবন-জীবিকার তাড়নায় আমরা অস্থায়ীভাবে সেখানে অবস্থান নিয়ে আমাদের ব্যবসা পরিচালনা করতে চাই। আমাদের হকার্স মার্কেটের দোকানগুলো পাকাকরণের কাজ শেষ হলে আমরা আবারো আমাদের দোকানে ফিরে আসবো। সেই ক্ষেত্রে নোয়াখালী সুপার মার্কেটের পাশের ওই জায়গা আমরা দখল ছেড়ে দিবো।
ব্যবসায়ীরা আরো বলেন, হকার্স মার্কেটের নির্মাণ কাজ শেষ হওয়া পর্যন্ত আমাদেরকে ব্যবসায়ের সুযোগ না দিলে আমরা পরিবার-পরিজন নিয়ে না খেয়ে থাকতে হবে।
নোয়াখালী ক্ষুদ্ধ হকার্স সমবায় সমিতি লিমেটেডের সভাপতি একরাম উল্যাহ ডিপটি বলেন, হকার্স মার্কেটের দোকানগুলো দীর্ঘদিন সংস্কার না হওয়ায় খুবই ঝরার্জীণ হয়ে পড়েছে। তাই ব্যবসায়ীদের সঙ্গে কথা বলে দোকানগুলো ভেঙ্গে বহুতল ভবন করার উদ্যোগ নেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে ব্যবসায়ীদের জীবন-জীবিকার কথা বিবেচনা করে জেলা পরিষদ চেয়ারম্যান ও পৌরসভার মেয়রের সঙ্গে আলোচনা করে ব্যবসায়ীদের সাময়িক পুনর্বাসনের জন্য নোয়াখালী সুপার মার্কেটের ওই খালি জায়গায় অস্থায়ীভাবে শেড নির্মাণ করা হচ্ছে।
নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান আবদুল ওয়াদুদ পিন্টু বলেন, হকার্স মার্কেটে শতশত মানুষ ব্যবসায়ের সঙ্গে জড়িত। মার্কেট পুননির্মাণের কারণে এই ব্যবসায়ীরা পথে বসে যাবে। তাই ব্যবসায়ীদের কথা চিন্তা করে আমাদের পৌরসভার মেয়রসহ ব্যবসায় নেতৃবৃন্দের সঙ্গে আলাপ-আলোচনা করে সাময়িক ওই স্থানে ব্যবসায়ীদের পুনর্বাসনের জন্য শেড নির্মাণ করা হচ্ছে। এতে সরকারি জায়গা দখল হওয়ার কোন সম্ভাবনা নেই। মানবিক দিক বিবেচনায় ব্যবসায়ীদের সাময়িক সুযোগ দেওয়া উচিৎ বলে মনে করেন এই জনপ্রতিনিধি।
তিনি বলেন, আমরা নোয়াখালী প্রেসক্লাবে সবার সাথে বসেছি। এটা নিয়ে আলোচনা হয়েছে। তবে এটা কোনো জবর দখল নয়। এটা গণপূর্তও দেয়নি, জেলা প্রশাসনও দেয়নি। তারা আপাতত কয়েক মাসের জন্য সেখানে ব্যবসাটা করবে। তারপর তারা আবার তাদের নিজের জায়গায় চলে যাবে।

