‘পুলিশ ক্যাম্প ঘেরাও করে বাজার দখলের চেষ্টা’, পুলিশের সঙ্গে গোলাগুলি, আটক ৬

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) দিবাগত রাত সাড়ে তিনটার দিকে উপজেলার হরণী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডে এই হামলার ঘটনা ঘটেছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিবাগত রাত সাড়ে তিনটার দিকে রামগতির আবদুর রব বাহিনীর প্রধান আবদুর রবের নেতৃত্বে শতাধিক দুবৃর্ত্ত আগ্নেয়াস্ত্র, দেশীয় অস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে হরণী ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের টাংকির বাজারে হামলা চালায়।
এসময় হামলাকারীরা চারদিক থেকে টাংকির বাজার পুলিশ ক্যাম্প ঘেরাও করে রাখেন। এরপর তাঁদের একটি গ্রুপ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের কার্যালয় ভাঙচুর করে। তারা এসময় এলোপাতাড়ি গুলি ছোড়েন ও ককটেল বিস্ফোরণ ঘটান।
পরে চেয়ারম্যান ঘাট, মোর্শেদ বাজার ও মাইনুদ্দিন বাজার থেকে পুলিশ গিয়ে ঘেরাও হয়ে থাকা টাংকির বাজার পুলিশ ক্যাম্প রক্ষা করে। পুলিশের ফাঁকা গুলি ও ধাওয়ার মুখে হামলাকারীরা পিছু হটেন। ঘটনাস্থল থেকে ৬জনকে আটক করেছে পুলিশ। তাঁদের কাছ থেকে একটি পাইপগান উদ্ধার করা হয়েছে।
হাতিয়া উপজেলা আওয়ামী লীগের সদস্য ও হরণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আক্তার হোসেন গণমাধ্যমকে বলেন, বাজার দখল ও লুটপাটের উদ্দেশ্যে রামগতির আবদুর রব বাহিনীর প্রধান আবদুর রবের নেতৃত্বে প্রায় দুইশত দুবৃর্ত্ত হামলা চালায়। তারা বিভিন্ন দোকানের শাটার কুপিয়ে ক্ষতিগ্রস্ত করে ও স্থানীয় আওয়ামী লীগের কার্যালয়ে ব্যাপক হামলা-ভাঙচুর চালায়। তিনি এ ঘটনার সুষ্ঠু তদন্ত ও রব বাহিনীর শাস্তি দাবি করেন।
অতিরিক্ত জেলা পুলিশ সুপার বিজয়া সেন গণমাধ্যমকে বলেন, পূর্ববিরোধের জেরে রামগতির আবদুর রবের নেতৃত্বে একদল দুবৃর্ত্ত টাংকির বাজার দখলের চেষ্টা চালায়। তারা এসময় স্থানীয় পুলিশ ক্যাম্প ঘেরাও করে রাখে। বাজারে কিছু দোকান ক্ষয়ক্ষতি ও স্থানীয় আওয়ামী লীগ কার্যালয় ভাঙচুর করেছে তারা। এসময় রব বাহিনীর ৬ সদস্যকে আটক করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। বাজারে পুলিশ সদস্য মোতায়েন রাখা হয়েছে।

