‘বড় ম্যাচে’র অপেক্ষায় বিশ্বকাপ

তবে আশা করা যাচ্ছে ১৯ অক্টোবর পুনেতে গ্যালারির চিত্রহবে ভিন্ন। এই বিশ্বকাপে এখন পর্যন্ত ভরা গ্যালারির সামনে খেলতে পারার একটাই শর্ত-প্রতিপক্ষ হতে হবে ভারত। ভারত-পাকিস্তান স্বাভাবিক ক্রিকেট ম্যাচের মধ্যে পড়ে না।
গত ১৪ তারিখে আহমেদাবাদের ম্যাচ নিয়ে উন্মাদনা যে পর্যায়ে পৌঁছেছিল, সেমিফাইনাল বা ফাইনালে এই দুই দল আবারও মুখোমুখি হলেই শুধুই সেটিকে ছাড়িয়ে যাওয়া সম্ভব। তবে পুনেতে বাংলাদেশ দলের ঠিকানা কনরাড পুনের সুইমিংপুলের তত্ত্বাবধায়কের মুখে যে কথাটা শোনা যাচ্ছে, তা একটু অবাক করার মতোই।
ঐতিহাসিক, রাজনৈতিক নানা কারণে ভারত-পাকিস্তান ম্যাচকে অবশ্যই এগিয়ে রাখছেন। তবে সেটিকে সবার ওপরে রেখেই বলছেন, এই বিশ্বকাপে পাকিস্তানের পর ভারতের সবচেয়ে কঠিন ম্যাচ নাকি বাংলাদেশ!
বাংলাদেশ প্রথম তিন ম্যাচের দুটিতেই হেরেছে। আর অপরাজিত ভারত মাত্রই গুঁড়িয়ে দিয়ে এসেছে পাকিস্তানকে-এটা মনে করিয়ে দেয়ার পরও নিজের বক্তব্যে অটল ওই তরুণ। এটা যে শুধু তার কথাই নয়। ভারতের সাবেক ব্যাটসম্যান মোহাম্মদ কাইফও যেনো তাই বললো।
স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্যে অস্ট্রেলিয়া-শ্রীলঙ্কা ম্যাচের আলোচনায় হঠাৎই বাংলাদেশ-ভারত ম্যাচের প্রসঙ্গ উঠে আসে।
সেখানেই মোহাম্মদ কাইফ বলছেন, ‘ভারত ভালোমতোই জানে, বাংলাদেশ এমন এক দল, যাদের একটু হালকাভাবেই নিলেই সর্বনাশ।’ প্রমাণ হিসেবে গত ডিসেম্বরে বাংলাদেশে দুই দলের সর্বশেষ ওয়ানডে সিরিজের কথা বললেন। যেটিতে বাংলাদেশ ২-১ ম্যাচে জিতেছে। ওই সিরিজের কোন একটা ম্যাচে সাকিব আল হাসান এক ওভারেই রোহিত শর্মা ও বিরাট কোহলিকে আউট করে দিয়েছিলেন, এটাও মনে করিয়ে দিলেন। সহভাষ্যকার সংগত করলেন মাসখানেক আগে গত এশিয়া কাপের ম্যাচটার কথা তুলে। শুবমান গিলের শতকের পরও ভারত যেটিতে হেরে গিয়েছিল।
স্টার স্পোর্টসের হিন্দি ধারাভাষ্য ইংরেজির মতো অত প্রথাগত নয়। এটা যেহেতু ভারতের আমজনতার জন্য, ধারাভাষ্যকারেরা সেখানে রীতিমতো মারকাটারি ব্যাটিং করেন। একেবারে মন খুলে কথা বলতে বলতে কখনো কখনো উসকে দেন জাতীয়তাবাদকেও। তাহলে কাইফরা এমন কেন বলছেন?
মনে এই প্রশ্ন জাগতে না জাগতেই টিভি পর্দায় ভেসে উঠল একটা পরিসংখ্যান। ২০১৯ বিশ্বকাপের পর বাংলাদেশ-ভারত ওয়ানডে ম্যাচের জয়-পরাজয়ের হিসাব। ম্যাচ হয়েছে মাত্র ৪টি। যার ৩টিই জিতেছে বাংলাদেশ। ভারত মাত্র একটি, সেটিও বাংলাদেশে সিরিজ হেরে যাওয়ার পর। এবার পক্ষে একটা যুক্তি পেয়ে মোহাম্মদ কাইফের কণ্ঠ আরও উঁচু, ‘কী বলেছিলাম না, বাংলাদেশ খতরনাক টিম।’
বাংলাদেশকে আসলেই ‘খতরনাক টিম’ মনে না করলে টেলিভিশনে পরের স্লাইডটা আসত না। এই বিশ্বকাপে সামনের বড় ম্যাচগুলোর তালিকায় প্রথমেই ভারত-বাংলাদেশ। সেই ম্যাচের আগে বাংলাদেশ দল একটু দম নিয়ে নেয়ার সুযোগ পেয়েছে। ১৪ তারিখে চেন্নাই থেকে পুনেতে আসার পর কেউ ব্যাট-বল হাতে নেননি। পুরো বিশ্রামের মধ্যেও শরীরটা চনমনে রাখার জন্য কারও কিছু করতে ইচ্ছা হলে করেছেন।
মঙ্গেলবার (১৭ অক্টোবর) বেলা ২টা থেকে পুনেতে বাংলাদেশের প্রথম অনুশীলন সেশন। যেটি একটু বেশিই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে অধিনায়ক সাকিব আল হাসানের চোটের অবস্থাটা বুঝতে। নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে ব্যাটিংয়ের সময় ঊরুতে চোট পাওয়ার পরও পুরো ১০ ওভার বোলিং করেছেন। সেই রাতেই ঊরুর স্ক্যান করানোর পর চেন্নাইয়ের বিখ্যাত চক্ষুবিশেষজ্ঞকে চোখও দেখিয়েছেন।
চোখ নিয়ে কোনো চিন্তা না থাকলেও প্রশ্ন, ঊরুর চোটটা ভারতের বিপক্ষে ম্যাচ না খেলার মতো কি না। ব্যথা নেই, হাঁটতেও কোনো সমস্যা হচ্ছে না। তবে মাঠে তো শুধু হাঁটলেই চলে না। চোট পাওয়ার পর আজই প্রথম দৌড়াদৌড়ি করে সাকিব নিজের অবস্থাটা বুঝবেন।
আপাতত বাংলাদেশ দল সূত্রে পাওয়া খবর অনুযায়ী এই ম্যাচে সাকিবকে নিয়ে কোনো সংশয় আছে বলে মনে হচ্ছে না। বিশ্বকাপে আসার আগে ফিটনেস নিয়ে যা-ই বলে আসুন না কেন, একটা ব্যাপারে নিশ্চিত থাকতে পারেন। পরের ম্যাচগুলো হুমকির মুখে গেলে ভিন্ন কথা। নইলে পুরো ফিট না হলেও সাকিব এই ম্যাচটা খেলবেনই খেলবেন।

