নোয়াখালী আ’লীগে গ্রুপিং: নেতাদের সঙ্গে একরাম-মোরশেদের বিরোধ স্পষ্ট

দলের নেতাদের সঙ্গে বিরোধে জড়িয়ে পড়া দুই সংসদ সদস্য হলেন নোয়াখালী-৪ আসনের (সদর ও সুবর্ণচর) সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরী এবং নোয়াখালী-২ আসনের (সেনবাগ-সোনাইমুড়ী আংশিক) সংসদ সদস্য মোরশেদ আলম। এর মধ্যে একরামুল দলের জেলা শাখার সাধারণ সম্পাদকের দায়িত্বে ছিলেন, তবে এখন দলীয় কোনো পদে নেই তিনি। অন্যদিকে মোরশেদ আলম সেনবাগ উপজেলা আওয়ামী লীগের সভাপতির পদে রয়েছেন।
বিএনপির নৈরাজ্যের বিরুদ্ধে দলীয় কর্মসূচিতে এই দুই সংসদ সদস্য গ্রুপিংয়ে জড়িয়ে পড়লেও জেলা শহরে জেলা আওয়ামী লীগের নেতৃত্বে মাঠে ছিলেন নোয়াখালী-৪ আসনে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন প্রত্যাশী জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন এবং সেনবাগ-সোনাইমুড়িতে জেলা আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি ও বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সহসভাপতি আতাউর রহমান ভঁইয়া মানিকের নেতৃত্বে সক্রিয় ছিলেন তৃণমূলের নেতাকর্মীরা।
সম্প্রতি বিএনপির অবরোধ-হরতাল কর্মসূচি শুরুর পর গত ২৯ অক্টোবর থেকে জেলা আওয়ামী লীগের নির্দেশনায় শহরের চারটি স্পটে শান্তি সমাবেশ এবং সন্ত্রাস ও নৈরাজ্যবিরোধী অবস্থান কর্মসূচি পালন করা হচ্ছে। তবে এসব কর্মসূচিতে জেলা শাখার সাবেক সাধারণ সম্পাদক ও সংসদ সদস্য মোহাম্মদ একরামুল করিম চৌধুরীর দেখা মেলেনি। আন্দোলনের ১২দিন পর গত ০৯ নভেম্বর থেকে তাঁর অনুসারীরা জেলা শহরের কয়েকটি স্থানে প্যান্ডেল তৈরি করে পৃথকভাবে কর্মসূচি পালন করেন। এসব স্থানে কর্মসূচিতে অংশ নেন একরামুল করিম চৌধুরী।
দলীয় সূত্রে জানা গেছে, জেলা শহরে একরামুলের অনুসারীদের আয়োজিত কর্মসূচিতে সদর উপজেলার চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ছাড়া উল্লেখযোগ্য কোনো নেতা ছিলেন না। দলের বেশির ভাগ নেতা জেলা শাখা ঘোষিত কর্মসূচিতে অংশ নেন।
সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের এবং সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন জানান, আমরা জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম ও সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান সোহেলের সিদ্ধান্ত মতে এবং এডভোকেট শিহাব উদ্দিন শাহিনের সার্বিক দিকনির্দেশনায় বিএনপি-জামায়াতের নৈরাজ্যের বিরুদ্ধে লাগাতার আন্দোলনে মাঠে আছি এবং আগামীতেও থাকবো।
জেলা শাখার কর্মসূচিতে অংশ না নিয়ে পৃথক কর্মসূচি পালন করার বিষয়ে জানতে চেয়ে গণমাধ্যমকর্মীরা একাধিকবার সংসদ সদস্য একরামুল করিম চৌধুরীকে ফোন করেন। তবে তিনি ফোন রিসিভ না করায় তাঁর বক্তব্য জানা যায়নি।
জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সহিদ উল্যাহ খান গণমাধ্যমকে বলেন, দলের জেলা শাখার উদ্যোগে চারটি স্থানে কয়েক দিন ধরে লাগাতার কর্মসূচি পালন করা হচ্ছে। এর বাইরে কেউ কর্মসূচি পালন করেছেন কি না তা আমার জানা নেই, কেউ করে থাকলে তা একান্তই তাঁর ব্যক্তিগত কর্মসূচি।
একরামুল করিম চৌধুরীর পৃথক কর্মসূচির বিষয়ে জেলা আওয়ামী লীগের সভাপতি এএইচএম খায়রুল আনম চৌধুরী সেলিম বলেন, উনি তো এখন আওয়ামী লীগের না, উনি একরাম লীগ। আমরা এসব বিষয় দলের শীর্ষ পর্যায়ে অবহিত করেছি। দল যা করার করবে।
এদিকে, জেলার সেনবাগ উপজেলার ছমির মুন্সিরহাট বাজারে গতকাল বৃহস্পতিবার স্থানীয় সংসদ সদস্য মোরশেদ আলমের বিরোধী হিসেবে পরিচিত পাঁচ নেতার অনুসারীরা এক হয়ে শান্তি মিছিল ও সমাবেশ করেছেন। কর্মসূচিতে নেতৃত্ব দেন জেলা আওয়ামী লীগের সাবেক সহসভাপতি আতাউর রহমান ভূঁইয়া। সমাবেশে তিনি ছাড়াও সেনবাগ পৌরসভার সাবেক মেয়র ও উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আবু জাফর এবং পৌরসভার সাবেক ভারপ্রাপ্ত মেয়র ও পৌর আওয়ামী লীগের সাবেক সভাপতি নুরুজ্জামান চৌধুরী উপস্থিত ছিলেন। এ তিনজনের সঙ্গে জেলা আওয়ামী লীগের সাবেক উপদেষ্টা জামাল উদ্দিন আহমেদ ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা শিহাব উদ্দিন মিলিত হয়ে এর আগে একাধিকবার সমাবেশ করে সংসদ সদস্য মোরশেদ আলমের বিপক্ষে ঐক্যবদ্ধ থাকার ঘোষণা দিয়েছিলেন।
মিছিল পরবর্তী সমাবেশে আতাউর রহমান ভূঁইয়া মানিক সংসদ সদস্য মোরশেদ আলমের প্রতি ইঙ্গিত করে বলেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা সারা বাংলাদেশের কোথায়ও কোনো কাঁচা রাস্তা রাখেননি। অথচ সেনবাগে এখনো কাঁচা রাস্তা। এখানে কাঁচা রাস্তা কেন থাকবে? গত ১০ বছরে আওয়ামী লীগকে এলাকায় সংগঠিত ও শক্তিশালী হতে দেওয়া হয়নি। পৌর আওয়ামী লীগের কোনো কমিটি নেই। যুবলীগের কোনো কমিটি নেই। আওয়ামী লীগের নেতাদের মধ্যে বিএনপির প্রেতাত্মা কাজ করছে।
সেনবাগ উপজেলা আওয়ামী লীগের নেতারা গণমাধ্যমকে জানান, গত দুই মেয়াদে সংসদ সদস্য হিসেবে রয়েছেন মোরশেদ আলম। এ সময়ের মধ্যে উপজেলায় আওয়ামী লীগের রাজনীতিতে দলাদলি ও কোন্দল প্রকট হয়েছে। দলের নেতাকর্মীদের এই কোন্দল নিয়ে জেলা শাখার নেতারাও উদ্বিগ্ন। বর্তমান সময়ে বিরোধী পক্ষের আন্দোলন প্রতিহত করতে মাঠে তৃণমূলের কর্মীদের নিয়ে সক্রিয় রয়েছেন আতাউর রহমান ভূঁইয়া মানিক। তিনি দলের পদে না থেকেও কর্মীদের চাঙ্গা রাখতে সর্বাত্বক চেষ্টা করে যাচ্ছেন।
নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য মোরশেদ আলম গণমাধ্যমকে জানান, আমার কোনো দোষ তাঁরা পান না। প্রধানমন্ত্রীর কাছে তিন মাস আগে চিঠি লিখেছেন, কোনো কাজ হয়নি। আমার কোনো বদনাম নেই, আমি সন্ত্রাসী লালন করি না। ১০ বছরে অভূতপূর্ব উন্নয়ন করেছি, এ কারণেই তাঁরা আমার বিরুদ্ধে লেগেছেন।

