নোয়াখালীতে ট্রাক চাপায় মোটরসাইকেল চালকের মৃত্যু, স্ত্রী আহত

নিহত মাজাহারুল হক ওরপে হক সাব (৩৮) উপজেলার বদরীপুর গ্রামের ওবায়দুল হকের ছেলে।
শুক্রবার (১০ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার নোয়াখালীর ইউনিয়নের মান্নান নগর বাজারের দক্ষিণে খালেক মেম্বারের বাড়ির দরজায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার বিকালে মাজাহারুল হক ও তাঁর স্ত্রী রোকেয়া বেগম (৩৪) মোটরসাইকেল যোগে সদর উপজেলার কারামত নগর এলাকায় রোকেয়া বেগমের ছোট ভাইয়ের জন্য পাত্রী দেখতে যায়। সেখান থেকে সন্ধ্যায় তারা বাড়ি ফিরছিলেন। সন্ধ্যা সাড়ে ৬টার দিকে উপজেলার মান্নান নগর বাজার এলাকায় পৌঁছালে মোটরসাইকেলটি দুটি গাড়িকে সাইড দিতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে সুবর্ণচরগামী একটি ট্রাকের নিচে চাপা পড়ে গুরুত্বর আহত হয় মাজাহারুল হক ও তাঁর স্ত্রী। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মাজাহারুল হককে মৃত ঘোষণা করে এবং তাঁর স্ত্রী রোকেয়া বেগমকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
সোনাপুর পুলিশ ফাঁড়ির উপপরিদর্শক (এএসআই) মো.কামাল উদ্দিন এসব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, তাৎক্ষণিক স্থানীয় লোকজন ট্রাকটি আটক করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। ট্রাকটি স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখা আছে। পরবর্তীতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

