ওবায়দুল কাদেরের গাড়ি থামিয়ে মনোনয়ন দাবি করলেন তৃণমূলের নেতা-কর্মীরা

এসময় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয় থেকে নিজ গাড়িতে ওঠে বেরিয়ে যাওয়ার সময় তাঁর গাড়ি থামিয়ে স্লোগান দেয় শিহাব উদ্দিন শাহিনের অনুসারী তৃণমূলের নেতা-কর্মীরা। এসময় তারা সদর-সুবর্ণচরের স্থানীয় বাসিন্দা ও কর্মীদের আস্থাভাজন হিসেবে শাহিনকে দলীয় মনোনয়ন দেওয়ার দাবি জানান। প্রায় ১৫ মিনিট ধরে ওবায়দুল কাদেরের গাড়ির চার পাশ ঘিরে স্লোগান ও দাবি তুলে ধরেন কয়েক'শ নেতাকর্মী।
শনিবার সকালে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগের মনোনয়ন ফরম বিক্রি শুরু হওয়ার পর দুপুরে শিহাব উদ্দিন শাহিন মনোনয়ন ফরম সংগ্রহ করার সময় বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে এই ঘটনা ঘটে।
সদর ও সুবর্ণচর উপজেলা নিয়ে গঠিত নোয়াখালী-৪ আসনটি আওয়ামী লীগের জন্য গুরুত্বপূর্ণ একটি আসন। যেখান থেকে বেড়ে ওঠে দলের সভাপতির দায়িত্ব পালন করেন আবদুল মালেক উকিল। এবার দলের তৃণমূলের নেতাকর্মীদের চাপের মুখে এই আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন।
এসময় সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আবদুস জাহের, সাধারণ সম্পাদক আতাউর রহমান নাছের, সুবর্ণচর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বাহার উদ্দিন খেলন, সুবর্ণচর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার'সহ জেলা ও উপজেলা আওয়ামী লীগ, অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

