অবরোধের সমর্থনে বিএনপির মিছিল

বৃহস্পতিবার (২৩ নভেম্বর) সকাল সাড়ে ৬টা ফকিরাপুল সড়কে বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও মতিঝিলে নটরডেম কলেজের সড়কে ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরীর নেতৃত্বে এই ঝটিকা মিছিল বের হয়। এসব মিছিলে ২০/২২ জন নেতা-কর্মী ছিলেন। মিছিলকারীরা ‘এক তরফা তফসিল মানি না, মানব না’, ‘অবরোধ চলছে, অবরোধ চলবে’ ইত্যাদি স্লোগান দেয়। ১০/১১ মিছিল মিছিল করে তারা চলে যায়।
সরকার পদত্যাগের ‘এক দফা’ দাবি ও নির্বাচন কমিশনের ‘এক তরফা’ তফসিল বাতিলের দাবিতে বিএনপির এটি ষষ্ঠ দফা অবরোধ কর্মসূচি। গত ২৮ অক্টোবর নয়া পল্টনের মহাসমাবেশ পুলিশ পন্ড করে নেতা-কর্মীদের ওপর সাঁড়াশি অভিযান চালায়। এরপর গ্রেপ্তার করে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরীসহ অনেক নেতৃবৃন্দকে। এরকম গ্রেপ্তার-দমনপীড়নের প্রতিবাদে বিএনপি হরতাল-অবরোধের মতো কর্মসূচিতে যায়। এই পর্যন্ত অবরোধের পাশাপাশি তারা দুই দফা হরতালও করেছে। ষষ্ঠ দফায় ৪৮ ঘণ্টার এই অবরোধে শেষ হবে শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৬টায়।
ফকিরাপুলের কাছে সকালে ‘ঝটিকা’ মিছিল শেষে রুহুল কবির রিজভী বলেন, ‘সরকার ও তার আইনশৃঙ্খলা বাহিনীর রক্তচক্ষু উপেক্ষা করে সারাদেশে বিএনপির নেতা-কর্মীরা শান্তিপূর্ণভাবে অবরোধ করছে। জনগণ এই কর্মসূচিতে রাজপথে নেমে আসছে’। ‘প্রতিদিনই পুলিশ আমাদের নেতা-কর্মীদের গ্রেপ্তার করছে, মিথ্যা ও গায়েবি মামলা দিচ্ছে, তাদের বাড়ি বাড়ি গিয়ে হামলা চালাচ্ছে, নেতা-কর্মীদের না পেয়ে তাদের বাবা-ভাইকে ধরে নিয়ে যাচ্ছে। কিন্তু অবরোধ রুখতে পারছে না।’
তিনি বলেন, ‘আমাদের বক্তব্য স্পষ্ট এসব করে এবার সরকার পার পাবে না। এসব করে অবৈধ ক্ষমতাকে আর এক্সটেশন করা যাবে না, জনগণের ভোটের অধিকার আদায়ের আন্দোলনকে দমানো যাবে না। সরকারকে অবশ্যই পদত্যাগ করতে হবে, নির্দলীয় নিরপেক্ষ সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করতে হবে, বংশবদ নির্বাচন কমিশন বাতিল করে নতুন কমিশন গঠন করতে হবে এবং তাদের অধীনে একটি অবাধ সুষ্ঠু অংশগ্রহণমূলক নির্বাচন হতে হবে। এর বাইরে কোনো নির্বাচন হতে দেয়া হবে না।
এসময়ে বিএনপির কেন্দ্রীয় নেতা রফিকুল ইসলাম, আবদুল কাদির ভুঁইয়া জুযেলসহ ছাত্র দল, স্বেচ্ছাসেবক দলের নেতা-কর্মীরা ছিলেন। নটরডেম কলেজের সামনে সকাল সাড়ে ৬টার দিকে ঢাকা জেলা বিএনপির নেতা-কর্মীদের নিয়ে মিছিল করেন জেলার সাধারণ সম্পাদক নিপুণ রায় চৌধুরী। ১৫/১৬ জন নেতা-কর্মী নিয়ে তারা মিছিল করে তফসিল বাতিলের দাবিতে স্লোগান দেয়।
এছাড়া পান্থপথে স্বেচ্ছাসেবক দলের সিনিয়র সহ সভাপতি ইয়াছিন আলী ও সাংগঠনিক সম্পাদক নাজমুল হাসান এবং মেরুল বাড্ডায় ছাত্র দলের সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক রাকিবুল ইসলাম রাকিব, ধোপখোলার কাঠের পোলে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে সভাপতি আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে ‘ঝটিকা’ মিছিল করে। তারা ‘ভোট চোর ভোট চোর, শেখ হাসিনা ভোট চোর, ‘এক দফা এক দাবি, শেখ হাসিনা তুই কবে যাবি’ ইত্যাদি স্লোগান দেয়। নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় আগের মতো তালাবদ্ধ এবং কার্যালয়ের দুই পাশে পুলিশ পাহারা রয়েছে। গত ২৮ অক্টোবর রাতে থেকে এরকম অবস্থা বিরাজ করছে এখানে।

