ফারদিনের মৃত্যুর অধিকতর তদন্ত ২৬ ডিসেম্বর

সোমবার (২৭ নভেম্বর) মামলাটি অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য্য ছিল। কিন্তু মামলার তদন্তে নিয়োজিত সিআইডি প্রতিবেদন দাখিল করতে পারেনি। এজন্য ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আলী হায়দার প্রতিবেদন দাখিলের জন্য আগামী ২৬ ডিসেম্বর তারিখ ধার্য করেন।
এরআগে চলতি বছরের ৬ ফেব্রুয়ারি ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরার অব্যাহতি চেয়ে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা ডিবি পুলিশের পরিদর্শক ইয়াসিন শিকদার। এরপর গত ১৬ এপ্রিল মামলার বাদী নুর উদ্দিন রানা নারাজি দেন। তাই সিআইডিকে মামলাটি অধিকতর তদন্তের নির্দেশ দেন আদালত।
এদিকে নিখোঁজের তিন দিন পর নারায়নগঞ্জের শীতলক্ষ্যা নদী থেকে ২০২২ সালের ৭ নভেম্বর রাতে বুয়েট ছাত্র ফারদিন নূর পরশের লাশ উদ্ধার করে নৌ পুলিশ। পরে ৯ নভেম্বর রাতে তার বাবা নুর উদ্দিন রানা বাদি হয়ে রামপুরা থানায় মামলা করেন।
মামলায় নিহতের বান্ধবী বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী বুশরাসহ অজ্ঞাত আরও কয়েকজনকে আসামি করা হয়। মামলা দায়েরের পর ফারদিনের বান্ধবী আমাতুল্লাহ বুশরাকে গ্রেপ্তার করে পুলিশ। এরপর ৮ জানুয়ারি জামিন পান বুশরা।

