টাইব্রেকারে হারল আর্জেন্টিনা, ফাইনালে জার্মানি

অগাস্টিন ফ্যাবিয়ান রবার্তোর দুর্দান্ত এক হ্যাটট্রিকের পরও টাইব্রেকারে এসে হারতেই হলো আর্জেন্টিনাকে। রুদ্ধশ্বাস ৬ গোলের লড়াইয়ে নাটকীয়ভাবে ম্যাচে ফিরলেও ভাগ্যটা যেন তাদের সঙ্গে ছিল না। অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের সেমিফাইনাল থেকে ৩-৩ সমতায় থাকা ম্যাচে জার্মানির কাছে টাইব্রেকারে ৪-২ ব্যবধানে হেরে বিদায় হয়ে গেছে আর্জেন্টিনার, ফাইনালে উঠে গেছে জার্মানি।
সেমিফাইনালে তাই জার্মানি আর আর্জেন্টিনার মধ্যকার হাড্ডাহাড্ডি লড়াই হলো। সেই লড়াইয়ে জার্মানি যখন উৎসবের প্রস্তুতি নিচ্ছিল, ঠিক তখনই আর্জেন্টিনা নাটকীয়ভাবে ম্যাচে ফিরলো। ৩-২ গোলে পিছিয়ে থাকা আর্জেন্টিনা নির্ধারিত সময়ের সাত মিনিট পর (৯০+৭) গোল করে অবিশ্বাস্য এক ড্র করে। ফলে ৩-৩ সমতায় ম্যাচ টাইব্রেকারে গড়ায়।
টাইব্রেকারে প্রথম দুই শটেই গোল করলেও জার্মানি আর আর্জেন্টিনা প্রথম দুই শটই মিস করে। পেনাল্টিতে গোল করতে ব্যর্থ হন আর্জেন্টিনার দশ নম্বর জার্সিধারী ক্লদিও এচেভেরিও। যদিও আর্জেন্টিনার এচেভেরিও আগের ম্যাচে ব্রাজিলের বিপক্ষে হ্যাটট্রিক করেছিল। তৃতীয় শটে জার্মানি আবারও মিস করে। তবে গোল করে আর্জেন্টিনা। তখনও ২-১ ব্যবধান ছিল। আশা ছিল আলবিসেলেস্তেদের।
কিন্তু চতুর্থ শটে জার্মানির ছয় নম্বর জার্সিধারী হেয়ারশয়ি গোল করলে ৩-১ ব্যবধানে এগিয়ে যায় তারা, আর্জেন্টিনা গোল করলে হয় ৩-২।তবে শেষ শটেই ছিল সবকিছু। জার্মানি মিস করলে লড়াইয়ে ফিরতে পারতো আর্জেন্টিনা। কিন্তু এবার জার্মানির সাত নম্বর জার্সি প্যারিস ব্রুনার কোনো ভুল করেননি। বল জালে জড়িয়ে নিশ্চিত করেন ফাইনাল।
এর আগে, হাড্ডাহাড্ডি লড়াইয়ের এই ম্যাচে নবম মিনিটে প্যারিস ব্রুনারের গোলেই এগিয়ে গিয়েছিল জার্মানি। ৩৬ মিনিটে সমতা ফেরান আর্জেন্টিনার রবার্তো। প্রথমার্ধে যোগ করা সময়ের চার মিনিটে আরও এক গোল করে আর্জেন্টিনাকে ২-১ ব্যবধানে এগিয়ে দিয়েছিলেন রবার্তো। কিন্তু দ্বিতীয়ার্ধে ৫৮ মিনিটে ব্রুনার এবং ৬৯ মিনিটে ম্যাক্স মুয়েরস্ট্যাট স্তব্ধ করে দেন আর্জেন্টিনাকে। ৩-২ গোলে এগিয়ে থেকে উৎসবের প্রস্তুতি নিচ্ছিল জার্মানরা।
কিন্তু নির্ধারিত সময়ের সাত মিনিট পর নাটকীয় এক গোলে নিজের হ্যাটট্রিক পূরণ করার পাশাপাশি আর্জেন্টিনাকে টাইব্রেকারে নিয়ে যান রবার্তো। দুর্দান্ত এই লড়াইয়ের শেষে এসে চমক দেখিয়েছিল আর্জেন্টিনা। কিন্তু টাইব্রেকার ভাগ্য তাদের সহায় হয়নি। ফলে আরো একবার দারুণ খেলেও ফাইনালে উঠতে না পারার আক্ষেপ নিয়ে মাঠ ছাড়তে হয়েছে মেসি ও ম্যারাডোনার উত্তরসূরিদের।

