ছাত্রদলের সাবেক সভাপতি খোকনকে মেরে পুলিশে দিল ছাত্রলীগ

মঙ্গলবার (২৯ নভেম্বর) রাতে খোকন গাজীপুর জেলা ছাত্রদলের সভাপতি সম্রাটসহ তার মগবাজার নয়াটোলার বাসায় যাবার পথে মগবাজার মাজারের সামনে ছাত্রলীগের কয়েকজন কর্মী তার পথ রোধ করে। পরে খোকনকে আটকিয়ে জানতে চায়, তুই ছাত্রদলের সাবেক সভাপতি খোকন না?
এ কথা বলেই ছাত্রলীগের কর্মীরা এলোপাতাড়ি মারতে থাকে খোকনকে। মুহুর্তেই ১৫ থেকে ২০ মোটরসাইকেলযোগে সেখানে ছাত্রলীগের আরো কর্মী এসে তাদের সঙ্গে যোগ হয়। তার পাঁচ মিনিট পর পুলিশের পোশাকে চারজন দুটি মোটরসাইকেলে এসে আহত খোকনকে তুলে নিয়ে যায়। এসময় দৌঁড়ে রক্ষা পান ছাত্রদলের সাবেক নেতা সম্রাট।
ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবং যুবদলের গ্রাম সরকার বিষয়ক সহ সম্পাদক মহিনদ্দিন রাজু জানান, আমরা খবর পেয়ে খোকনের সন্ধানে হাতিরঝিল থানায় যোগাযোগ করলে থানা থেকে জানানো হয় খোকন সে থানায় নেই।
হাতিরঝিল থানার ওসি মো. আওলাদ হোসেন বলেন, কয়েকজন নেতাকর্মীকে নিয়ে ওয়ারলেস এলাকায় মশাল মিছিল বের করে অগ্নিসংযোগের প্রস্তুতি নিচ্ছিলো ছাত্রদলের সাবেক সভাপতি ফজলুর রহমান খোকন। এসময় স্থানীয় জনতা তাদের প্রতিহত করার চেষ্টা করে। একপর্যায়ে থানা পুলিশের টহল টিম সেখানে পৌঁছালে মিছিল করতে আসা সবাই পালিয়ে যায়। কিন্তু জনতার হাতে ধরা পড়েন ফজলুর রহমান। তাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। তার বিরুদ্ধে বেশ কয়েকটি মামলা রয়েছে। এ বিষয়ে আইনানুগ ব্যবস্থা নেয়া হবে।

