সিএনজি-ট্রাক সংঘর্ষে মা-মেয়ের মৃত্যু, আহত ২

নিহতরা হলো, উপজেলার চরওয়াপদা ইউনিয়নের ২নম্বর ওয়ার্ডের পূর্ব চরজব্বর গ্রামের শুক্কুরের স্ত্রী শিল্পী আক্তার (৩০) ও তার মেয়ে শারমিন (২)।
শুক্রবার (১ ডিসেম্বর) দুপুর পৌনে ১২টার দিকে উপজেলার সোনপুর-চেয়ারম্যানঘাট সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে এ দুর্ঘটনা ঘটে।
আহতরা হলেন, উপজেলার ১নং চরজব্বর ইউনিয়নের পশ্চিম চর জব্বর গ্রামের মৃত আইয়ুব আলী মেম্বারের ছেলে মো. ফারুক (৩০), একই গ্রামের মো.মোস্তফার ছেলে মো.আবদুল্লাহ (৩৫)।
স্থানীয় বাসিন্দা সাংবাদিক সানাহ উল্যাহ জানান, বেলা সাড়ে ১১টার দিকে হাতিয়ার চেয়ারম্যান ঘাট থেকে একটি যাত্রীবাহী সিএনজি সোনাপুরের উদ্দেশ্যে ছেড়ে আসে। যাত্রা পথে সিএনজিটি সোনপুর-চেয়ারম্যান ঘাট সড়কের চরজুবলি ইউনিয়নের আটকপালিয়া বাজার সংলগ্ন দারোগা মোড়ে পৌঁছলে নিয়ন্ত্রণ হারালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে সিএনজিটি ধুমড়ে মুছড়ে গিয়ে শিশু শারমিন ঘটনাস্থলে মারা যায়। পরে স্থানীয়রা তার মা শিল্পী আক্তারকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করে।
চরজব্বর থানার উপ-পরিদর্শক (এসআই) আমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন,খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। স্থানীয়রা ট্রাক ও সিএনজি আটক করে রাখে। আটক সিএনজি-ট্রাক জব্দ করে থানায় আনা হয়েছে। লিখিত অভিযোগ পেলে পরবর্তীতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

