বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে কোণঠাসা কিউইরা

প্রকাশ: ১ ডিসেম্বর ২০২৩, ১১:৩২ অপরাহ্ন আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ১১:২১ অপরাহ্ন
মিরাজ-তাইজুলের ঘূর্ণিতে কোণঠাসা কিউইরা

দ্বিতীয় ইনিংসেও বল হাতে জাদু দেখাচ্ছেন বাঁহাতি এই স্পিনার। ডেভন কনওয়ে, কেন উইলিয়ামসনের পর এবার টম ব্লান্ডেলকেও ফেরালেন তিনি। লেংথে পড়ে তাইজুলের টার্ন এবং লাফিয়ে উঠা বল নুরুল হাসান সোহানের গ্লাভসে যাওয়ার আগে ব্লান্ডেলের ব্যাট ছুঁয়ে যায়। জোরালো আবেদন করতেই আঙুল তুলে দেন আম্পায়ার। তাতে করে নিয়মিত বিরতিতে উইকেট হারিয়ে ধুঁকছে কিউইরা।

এমন অবস্থায় ৪র্থ ইনিংসে মিচেলকে সঙ্গে নিয়ে জুটি গড়ার চেষ্টায় ছিলেন কনওয়ে। চা বিরতি থেকে ফিরেই এই জুটি ভেঙেছেন সেই তাইজুল। এই বাঁহাতি স্পিনারের টার্ন করে বেরিয়ে যাওয়া বল ডিফেন্স করতে গিয়ে সিলি পয়েন্টে ক্যাচ দিয়েছেন কনওয়ে। ২২ রান করে এই ওপেনার ফেরায় দলীয় ফিফটির আগেই সাজঘরে ফিরেছেন সফরকারীদের চার ব্যাটার। কিছুতেই যেন তাইজুল-মিরাজদের ঘূর্ণির সমাধান মেলাতে পারছে না কিউইরা!

নিজেদের দ্বিতীয় ইনিংসে ২৫ ওভারে ৪ উইকেট হারিয়ে ৫৩ রান তুলেছে নিউজিল্যান্ড। মিচেল অপরাজিত আছেন ১২ রান নিয়ে। অপর অপরাজিত ব্যাটার বান্ডেলের সংগ্রহ ৬ রান। এখনও বাংলাদেশের থেকে ২৭৯ রানে পিছিয়ে আছে কিউইরা।

বড় লক্ষ্য তাড়ায় শুরুতেই হোঁচট খায় কিউইরা। ইনিংসের প্রথম ওভারেই উইকেট শিকার করে বাংলাদেশকে দারুণ শুরু এনে দিলেন শরিফুল ইসলাম। এই বাঁহাতি পেসারের খাটো লেন্থের বলে খোঁচা দিয়ে উইকেটের পেছনে ধরা পড়েছেন টম লাথাম। ডাক খেয়ে এই ওপেনার সাজঘরে ফেরায় রানের খাতা খোলার আগেই উইকেট হারায় সফরকারীরা।

লাথাম ফেরার পর কনওয়েকে সঙ্গে নিয়ে ইনিংস মেরামতের চেষ্টায় ছিলেন কেন উইলিয়ামসন। তবে এ যাত্রায় ব্যর্থ হলেন অধিনায়ক। অভিজ্ঞ এই ব্যাটার তাইজুলের ঘূর্ণিতে দিশেহারা হয়েছেন! লেগ বিফোরের ফাঁদে পড়ার আগে ২৪ বলে করেছেন ১১ রান।

থিতু হওয়ার আগেই হেনরি নিকোলসকে বিদায় করেন মেহেদি হাসান মিরাজ। ১৩তম ওভারের চতুর্থ বলে মিরাজকে সুইপ করতে গিয়ে ঠিকমতো টাইমিং করতে পারেননি নিকোলস। টপ এজ হয়ে বল ওঠে সোজা আকাশে। শর্ট ফাইন লেগ থেকে কয়েক পা সরে বল তালুবন্দি করেন নাঈম। ২ রান করে নিকোলস ফেরায় ৩০ রান তুলতেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারিয়ে বিপাকে পড়ে নিউজিল্যান্ড। অন্যদিকে দারুণ এক সেশন কাটিয়ে চা বিরতিতে যায় বাংলাদেশ।