শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

চাপমুক্ত কাদের-আলী: চ্যালেঞ্জের মুখে নোয়াখালীর ৪ নৌকার প্রার্থী

প্রকাশ: ২ ডিসেম্বর ২০২৩, ২:৩০ পূর্বাহ্ন আপডেট: ১৫ এপ্রিল ২০২৬, ৯:১৭ অপরাহ্ন
চাপমুক্ত কাদের-আলী: চ্যালেঞ্জের মুখে নোয়াখালীর ৪ নৌকার প্রার্থী

বৃহস্পতিবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিন জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান এবং জেলার স্ব স্ব উপজেলায় সহকারী রিটানিং কর্মকর্তার দপ্তরে জেলার ৬টি আসনে নৌকার ৬ প্রার্থীর সঙ্গে ১৭ স্বতন্ত্র প্রার্থীসহ ৪৯ প্রার্থী মনোনয়নপত্র জমা দেন।

নোয়াখালী-১ (চাটখিল-সোনাইমুড়ি আংশিক) এ আসনে মোট প্রার্থী ১১জন। আওয়ামী লীগ মনোনীত প্রার্থী এইচ.এম ইব্রাহিমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত সহকারী জাহাঙ্গীর আলম। এছাড়া, জাসদ, গণফ্রন্ট, তরিকত ফেডারেশন, ইসলামী ফ্রন্ট বাংলাদেশ, জাকের পার্টি, বাংলাদেশ কংগ্রেস এছাড়া স্বতন্ত্র আরো ১ জনসহ ১১ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী -২ (সেনবাগ- সোনাইমুড়ি আংশিক)  এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মোরশেদ আলমের সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র দিয়েছেন বাফুফের সহসভাপতি আওয়ামী লীগ নেতা আতাউর রহমান ভূঁইয়া মানিক। এ আসনে মানিক ছাড়াও আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরো ৩জন,  জাতীয় পার্টি, জাসদ, বিএনএফ, কল্যান পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোট, জাকের পার্টি সহ ১৩ প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন।   

নোয়াখালী- ৩ (বেগমগঞ্জ) আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী মামুনুর রশিদ কিরনের সঙ্গে সাবেক সেনাপ্রধানের ভাই মিনহাজ আহমেদ জাবেদ স্বতন্ত্র প্রার্থী হয়েছেন। এ আসনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আরো ২জন, জাতীয় পার্টি, বাংলাদেশের সাম্যবাদী দল, জাকের পার্টি, জাসদ, সাংস্কৃতিক মুক্তি জোট সহ ১১ প্রার্থী  মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী-৪ (সদর-সুবর্ণচর) আসনে আলোচিত-সমালোচিত সাংসদ একরামুল করিম চৌধুরী আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পেয়েছেন। তার সঙ্গে স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় নেতা আবদুল মালেক উকিলের ভ্রাতুষ্পুত্র ও জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি এডভোকেট শিহাব উদ্দিন শাহিন। এ আসনে বিকল্পধারার প্রার্থী আবদুল মান্নানও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জাতীয় পার্টি, জাকের পার্টি, জাসদ, গণতন্ত্রী পার্টি, ইসলামিক ফ্রন্ট ও সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থীসহ ৯জন মনোনয়নপত্র জমা দিয়েছেন।

নোয়াখালী-৫ (কোম্পানিগঞ্জ-কবিরহাট) এ আসনে মোট প্রার্থী ৫জন। এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দলের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। এখানে কোন স্বতন্ত্র প্রার্থী নেই। তবে মনোনয়নপত্র জমা দিয়েছেন জাতীয় পার্টি, জাসদ,  ইসলামিক ফ্রন্ট ও সাংস্কৃতিক মুক্তি জোটের প্রার্থীরা।

নোয়াখালী-৬ (হাতিয়া) আসনে মোট প্রার্থী ৬ জন। এ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক এমপি মোহাম্মদ আলী। স্বতন্ত্র প্রার্থী হিসেবে সাবেক এমপি মোহাম্মদ আলীর স্ত্রী আয়শা ফেরদৌস এমপিও মনোনয়নপত্র জমা দিয়েছেন। এছাড়া জাতীয় পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক  মুক্তিজোট ও এনপিপির প্রার্থীরা মনোনয়নপত্র জমা দিয়েছেন।

৬টি আসনের মধ্যে নোয়াখালী-৫  এবং নোয়াখালী-৬ আসনে হেভিওয়েট কোন প্রার্থী না থাকায় অনেকটা চাপমুক্ত রয়েছেন ওবায়দুল কাদের ও মোহাম্মদ আলী। অন্যদিকে নোয়াখালী-১, নোয়াখালী-২, নোয়াখালী-৩ ও নোয়াখালী-৪ আসনে স্বতন্ত্র প্রার্থীরা তৃণমূলে বেশ জনপ্রিয় ও হেভিওয়েট হওয়ায় চ্যালেঞ্জের মুখে পড়েছেন নৌকার প্রার্থীরা। এ ৪টি আসনে অবাধ, নিরপেক্ষ ও সুষ্ঠু নির্বাচন হলে আসন হারাতে পারেন নৌকার প্রার্থীরা এমনটাই শঙ্কা প্রকাশ করছেন ভোটাররা।

নোয়াখালীর জেলা প্রশাসক ও জেলা রিটার্নিং কর্মকর্তা দেওয়ান মাহবুবুর রহমান বলেন, মনোনয়নপত্র দাখিলের শেষ দিনে ৬টি আসনে ১৬টি রাজনৈতিক দলের প্রার্থী এবং স্বতন্ত্র প্রার্থী মিলে মোট ৫৫টি মনোনয়নপত্র জমা নেওয়া হয়েছে।