বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ asiareport24.com
বিজ্ঞাপন পুরোনো বিজ্ঞাপন #15
সংবাদ শিরোনাম
বিজ্ঞাপন মোঃ ইমদাদুল হক ইমদাদ

মির্জা ফখরুল-আমীর খসরুর রিমান্ড নামঞ্জুর

প্রকাশ: ১৮ ডিসেম্বর ২০২৩, ১০:২৪ অপরাহ্ন আপডেট: ১৮ এপ্রিল ২০২৬, ৪:৪৩ পূর্বাহ্ন
মির্জা ফখরুল-আমীর খসরুর রিমান্ড নামঞ্জুর

এসময় মির্জা ফখরুল হাতে লাঠি ভর দিয়ে এজলাসে আসেন। এরপর পল্টন থানার নাশকতা মামলার তদন্তকারী কর্মকর্তা উপ-পরিদর্শক সুমিত কুমার সাহা তাদের গ্রেপ্তারের আবেদনসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। প্রথমে আদালত তাদের গ্রেপ্তার দেখানোর আবেদন মঞ্জুর করেন।

এরপর বিএনপি পক্ষের আইনজীবী মহসিন মিয়া শুনানিতে বলেন, আসামিরা অসুস্থ। এখন কেন তাদের রিমান্ডে নেয়া হচ্ছে। এটা মূলত রাজনৈতিক উদ্দেশ্যমূলক। মির্জা ফখরুল ইসলাম আলমগীর মুক্তিযোদ্ধা। এ মামলায় অসুস্থ ও মুক্তিযোদ্ধা বিবেচনায় তাদের জামিন দেন। শুনানি শেষে আদালত মির্জা ফখরুল ও আমির খসরুর রিমান্ড ও জামিনের আবেদন উভয় নামঞ্জুর করেন। তবে আসামিদের জেলগেটে জিজ্ঞাসাবাদের আদেশ দেন। শুনানির সময় মির্জা ফখরুলের মেয়ে এজলাসে তার বাবার পাশে বেঞ্চে বসে ছিলেন। এর আগে এদিন দুপুর ১টা ১০ মিনিটে তাদের ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। এরপর তাদের আদালতের হাজতখানায় রাখা হয়েছে।

এদিকে গত ১৪ ডিসেম্বর মামলার তদন্তকারী কর্মকর্তা ও পল্টন মডেল থানার উপ-পরিদর্শক সুমিত কুমার সাহা তাদের গ্রেপ্তারের আবেদনসহ ১০ দিনের রিমান্ডে নিতে আবেদন করেন। এ বিষয় শুনানির জন্য সোমবার দিন ধার্য করা হয়।

রিমান্ড আবেদনে তদন্ত কর্মকর্তা বলেন, এজাহারনামীয় ও তাদের সহযোগী আসামিরা পরস্পর যোগসাজশে বেআইনি জনতাবদ্ধে দাঙ্গা হাঙ্গামা করতে বাঁশের লাঠি নিয়ে সজ্জিত হয়ে পুলিশকে আক্রমণ, বলপ্রয়োগ ও ককটেল বিস্ফোরণ ঘটিয়ে গুরুতর জখম করে জনমনে আতঙ্ক সৃষ্টিসহ ব্যক্তি ও সম্পত্তির ক্ষতি সাধন করেন। উল্লেখিত আসামিরা বিএনপির কেন্দ্রীয় নেতা। তারা ঘটনার দিন নাশকতা ও অরাজক পরিবেশ সৃষ্টির জন্য প্রকাশ্যে বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের নির্দেশনা দেন। যার পরিপ্রেক্ষিতে এজাহারনামীয় ও পলাতক আসামিরা পল্টন মডেল থানার সামনে দেশীয় অস্ত্র দিয়ে পুলিশের ওপর আক্রমণ এবং ককটেল বিস্ফোরণ করে পুলিশ সদস্যদের গুরুতর আহত করেন। এতে আরো বলা হয়েছে, মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে উল্লেখিত দুই আসামিকে (মির্জা ফখরুল ও আমীর খসরু) এ মামলায় গ্রেপ্তার দেখানোপূর্বক রহস্য উদঘাটন, পলাতক আসামিদের গ্রেপ্তার, ককটেল নিক্ষেপকারীদের শনাক্ত ও গ্রেপ্তার করতে জিজ্ঞাসাবাদ এবং অভিযান পরিচালনার জন্য ১০ দিনের পুলিশ হেফাজতে জিজ্ঞাসাবাদ করা প্রয়োজন।

এর আগে মহাসমাবেশের দিন প্রধান বিচারপতির বাসভবনে হামলার ঘটনায় গত ২৯ অক্টোবর গ্রেপ্তার দেখিয়ে মির্জা ফখরুলকে কারাগারে পাঠানো হয়। এরপর ২ নভেম্বর মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করেন আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ। তবে নিম্ন আদালত তার জামিন নামঞ্জুর করলে গত ৫ ডিসেম্বর উচ্চ আদালতে মির্জা ফখরুলের জামিন চেয়ে আবেদন করা হয়। পরে ৭ ডিসেম্বর ফখরুলকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দেন হাইকোর্ট। বিচারপতি মো. সেলিম ও বিচারপতি শাহেদ নূরউদ্দিনের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রুল দেন। রাষ্ট্রপক্ষকে এক সপ্তাহের মধ্যে রুলের জবাব দিতে বলা হয়।