গাজায় মৃত্যুর সংখ্যা ছাড়াল ২১ হাজার

গাজার মিডিয়া অফিস জানিয়েছে, গাজায় অভিযান শুরু হওয়ার পর থেকে ইসরায়েল ৬ হাজার ৩০০ নারী ও ৮ হাজার ৮০০ শিশুকে হত্যা করেছে । খবর আনাদোলুর।
এতে বলা হয়, ‘যুদ্ধ শুরু হওয়ার পর থেকে গাজা উপত্যকার হাসপাতালে নিয়ে আসা নিহত ফিলিস্তিনিদের সংখ্যা ২১ হাজার ১০০ জনে পৌঁছেছে।’
গাজার মিডিয়া অফিস আরও বলেছে, ‘৮২ দিন ধরে চলমান এই যুদ্ধে ইসরায়েলি সেনাবাহিনী ১ হাজার ৭৭৯টি গণহত্যা করেছে। যার ফলে ২৮ হাজার ১১০ জন ব্যক্তি শহীদ এবং নিখোঁজ হয়েছেন।’
উল্লেখ্য, গত ৭ অক্টোবর ইসরায়েলের উত্তরাঞ্চলীয় ইরেজ সীমান্তে অতর্কিত হামলা চালায় হামাস যোদ্ধারা। তারপর ওই দিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বিমান বাহিনী। পরে ২৮ অক্টোবর থেকে অভিযানে যোগ দেয় স্থল বাহিনীও।

