স্যান্টনারের ঘূর্ণিতে ভালো সংগ্রহ পেল না বাংলাদেশ

রবিবার (৩১ ডিসেম্বর) নিউজিল্যান্ডের মাউন্ট মঙ্গানুইয়ে ম্যাচটি শুরু হয় বাংলাদেশ সময় সকাল ৬টায়। বাংলাদেশ রবিবার তাদের একাদশে একটি পরিবর্তন আনে। পেসার তানজিম হাসান সাকিবের পরিবর্তে নেয়া হয় স্পিনার তানভীর ইসলামকে। তবে ইনজুরির কারণে দলে নেই লিটন দাস। অন্যদিকে, নিউজিল্যান্ড একাদশে কোনো পরিবর্তন আনেনি।
টস হেরে ব্যাটিংয়ে নেমে স্কোরবোর্ডে ৪ রান তুলতেই টিম সাউদির শিকারে পরিণত হন সৌম্য সরকার। কিউই পেসারের বল বাঁক খেয়ে ভেতরে ঢুকতেই লেগ বিফোরের ফাঁদে পড়েন, আম্পায়ারের আবেদনের বিরুদ্ধে রিভিউ নিলেও শেষ পর্যন্ত বাঁচতে পারেননি সৌম্য।
ওয়ানডাউনে নামা অধিনায়ক নাজমুল হোসেন শান্ত শুরুটা করেছিলেন চার মেরে। অ্যাডাম মিলনের ওভারে পরপর দুটি বাউন্ডারি মেরে খেলায় কিছুটা লড়াইয়ের আভাস দেয় বাংলাদেশ। কিন্তু চাপ কমাতে গিয়ে শান্ত হয়ে যান অশান্ত। এতে করে যা হওয়ার তাই ঘটে, মিলনের বলে বাউন্ডারি মারার চেষ্টায় ক্যাচ দেন পয়েন্টে। ১৫ বলে ১৭ রান করেন তিনি।
পরের ওভারে সিয়ার্সের বলে আউট রনিও। কিউই পেসারের ইয়র্কারে তিনি এলবিডব্লিউ হয়ে যান। তার বিদায় মাত্র ১০ রানে (১০ বল)। পেস তোপের পর স্পিন ঝলক শুরু করেন কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। আফিফ ও হৃদয়রা তেমন সুবিধা করতে পারছিলেন না, সেখানে আবার যোগ দেন ইশ সোধি। এতে টাইগাররা আরও বিপাকে পড়ে।
শেষ পর্যন্ত আসা-যাওয়ার মাঝে ইনিংসের ৪ বল বাকি থাকতে অলআউট হওয়ার আগে ১১০ রান করতে সক্ষম হয় বাংলাদেশ। স্যান্টনার ৪টি এবং সাউদি, মিলনে ও সিয়ার্স ২টি করে উইকেট লাভ করেন।
বাংলাদেশ একাদশ
রনি তালুকদার, শামীম হোসেন, নাজমুল হোসেন (অধিনায়ক), সৌম্য সরকার, তাওহিদ হৃদয়, আফিফ হোসেন, মেহেদী হাসান, রিশাদ হোসেন, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান ও তানভীর ইসলাম।
নিউজিল্যান্ড একাদশ
মিচেল স্যান্টনার (অধিনায়ক), টিম সাইফার্ট, ফিন অ্যালেন, ড্যারিল মিচেল, গ্লেন ফিলিপস, মার্ক চ্যাপম্যান, জিমি নিশাম, বেন সিয়ার্স, অ্যাডাম মিলনে, ইশ সোধি ও টিম সাউদি।

