এবারের নির্বাচনে নতুন ইতিহাস রচনা হবে: ডিসি মাহবুবুর রহমান

এবার যে নির্বাচন হবে, সেটা সম্পর্কে মাথায় নতুন মেমোরি সেট করে নিন, আমিও নিয়েছি। আগের নির্বাচনে কি হয়েছে তা ডিলিট করে দিন, আমিও ডিলিট করে দিয়েছি। এবারের নির্বাচন অবাধ, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক বলতে যা বোঝায় তাই হবে। এবার নির্বাচনে কোন ধরনের বিশৃঙ্খলা ছাড় দেওয়া হবে না। এই নির্বাচন নতুন ইতিহাস রচনা করবে।
সোমবার (০১ জানুয়ারি) বিকালে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে নির্বাচনী সংবাদ সংগ্রহে সাংবাদিক/গণমাধ্যমের জন্য নীতিমালা সংক্রান্ত সাংবাদিকদের মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।
সভায় সাংবাদিকরা বলেন, আগের নির্বাচনে সাংবাদিকদের পাশাপাশি অনেক অসাংবাদিক ও রাজনৈতিক ব্যক্তি গলায় সাংবাদিক কার্ড ঝুলিয়ে নির্বাচনে প্রভাব বিস্তারসহ অনিয়ম করেছেন। তাদের কারণে সাংবাদিক সমাজেরও অনেক দুর্নাম হয়।
জেলা প্রশাসক বলেন, জেলার ৬টি সংসদীয় আসনে পর্যাপ্ত আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, প্রিসাইডিং, সহকারী প্রিসাইডিং ও পোলিং কর্মকর্তা নিয়োগ দেওয়া হয়েছে। ভোটকেন্দ্রে র্নিভয়ে সাংবাদিকরা দায়িত্ব পালন করবেন। কারণ আমরা যা করবো তা সাংবাদিক না দেখলে প্রচার হবে কিভাবে।
মতবিনিময় সভায় জেলা পুলিশ সুপার মোহাম্মদ আসাদুজ্জামান, জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা মো. মেছবাহ উদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাজিমুল হায়দার, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসক ও অর্থ) বিজয়া সেনসহ প্রশাসনের কর্মকর্তা, নোয়াখালী প্রেসক্লাবের সভাপতি বখতিয়ার শিকদার, সাধারণ সম্পাদক আবু নাছের মন্জু'সহ জেলায় কর্মরত প্রিন্ট, ইলেকট্রনিক্স ও অনলাইন মিডিয়ার সাংবাদিকদগন উপস্থিত ছিলেন।

