নতুন বছরে শীর্ষে থাকতে চান রোনালদো

তবে মৌসুম শেষে তার ধারেকাছেও কেউ যেতে পারেনি। আল নাসরের হয়ে বছরের শেষ দিনেও গোল পেয়েছেন এ পর্তুগীজ উইঙ্গার। ফলে পেছনে ফেলেছেন হ্যারি কেইন ও এমবাপ্পেকেও।
আল তাউনের বিপক্ষে আল নাসরের ৪-১ ব্যবধানের জয়ে রোনালদোর করা শেষ গোলটিকে দুর্দান্ত বলছেন সবাই। ২০২৩ সালে রোনালদো মোট ৫৪ গোল করে শীর্ষ স্থান ধরে রেখেছেন তিনি। দ্বিতীয় সর্বোচ্চ ৫২ গোল করেছেন বায়ার্ন মিউনিখের ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন ও পিএসজির কিলিয়ান এমবাপ্পে। বয়সকে বুড়ো আঙ্গুল দেখিয়ে সোমবার (১ জানুয়ারি) ম্যাচ শেষে রোনালদো ঘোষণা দেন আগামী বছরও এই ধারা অব্যাহত রাখতে চান।
আল নাসরের জয়ের পর তিনি বলেছেন, ‘আমি খুবই আনন্দিত। ব্যক্তিগত আর দলীয়ভাবে আমার জন্য ভালো একটি বছর ছিল ২০২৩। এ বছর আমি অনেক গোল পেয়েছি। আল নাসর ও জাতীয় দলের জন্য অবদান রাখতে পেরেছি। আমি আনন্দিত, আগামী বছরও এটি অব্যহত রাখতে চাই।’
সোমবারের জয়ের পর সৌদি প্রো লিগের শীর্ষে থাকা আল হিলালের সঙ্গে পয়েন্ট ব্যবধান কমিয়েছে আল নাসর। ১৮ দলের এই লিগে ১৯ ম্যাচ শেষে ৫৩ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে আছে আল হিলাল। সমান ম্যাচে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে আল নাসর। ৪০ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে আছে আল আহলি।

