পাকিস্তান সিনেটে নির্বাচন পেছানোর প্রস্তাব পাস

শুক্রবার (৫ জানুয়ারি) সিনেটে প্রস্তাবটি তুলেছিলেন সিনেটর দিলাওয়ার খান। প্রস্তাবটির পক্ষে উপস্থিত বেশির ভাগ আইন প্রণেতাই ভোট দিয়েছেন । তবে সিনেটে পাস হওয়া কোনো প্রস্তাব মানার বাধ্যবাধকতা নেই।
সিনেটে তোলা প্রস্তাবের বিষয়ে দিলাওয়ার খান বলেন, বিভিন্ন রাজনৈতিক দলের সদস্যদের ওপর হামলা, বেলুচিস্তান ও খাইবার পাখতুনখাওয়া প্রদেশে নিরাপত্তা বাহিনীর সদস্যদের ওপরও হামলার ঘটনা ঘটেছে। ইতিমধ্যে নির্বাচনী সমাবেশে হামলার ব্যপারে সতর্ক করেছে গোয়েন্দা সংস্থাগুলো।
তবে নির্বাচন পেছানোর প্রস্তাবে বিরোধিতা করেছেন পাকিস্তান মুসলিম লিগ-নওয়াজের (পিএমএল-এন) সিনেটর আফনানউল্লাহ ও বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের তথ্যমন্ত্রী মুর্তজা সোলাংগি।
এদিন পাকিস্তান সিনেটে ১০০ সদস্যের মধ্যে উপস্থিত ছিলেন মাত্র ১৪ জন। ভোটদানে বিরত ছিলেন, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) সিনেটর গুরদিপ সিং ও পাকিস্তান পিপলস পার্টির (পিপিপি) সিনেটর বেহরামান্দ তাঙ্গি।
এদিকে পাঞ্জাব প্রদেশের লাহোর ও মিয়ানওয়ালির দুটি আসনে সাবেক প্রধানমন্ত্রী ও পিটিআই প্রধান ইমরান খানের মনোনয়নপত্র বাতিল করা হলেও তা নিয়ে নতুন করে কোনো সিদ্ধান্ত জানানো হয়নি।

