বেগমগঞ্জে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে যুবক খুন

সোমবার (০৮ জানুয়ারি) বেলা ১১টার দিকে উপজেলার একলাশপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের হাজী ইসলাম মিস্ত্রি বাড়িতে এই ঘটনা ঘটে।
নিহত আসিফ বেগমগঞ্জ উপজেলার হাজীপুর ইউনিয়নের সৈয়দ আলী পাটোয়ারী বাড়ির জয়নাল আবেদিনের ছেলে।
স্থানীয় সূত্রে জানা গেছে, একলাশপুর ইউনিয়নের হাজী ইসলাম মিস্ত্রি বাড়ির একটি ঘরে প্রায়ই চার বন্ধু আড্ডা দিতো। ওখানে বসে তাঁরা নেশা করতেন বলেও অভিযোগ স্থানীয়দের। সোমবার সকালেও তাঁরা ওই ঘরে একত্র হন। কিছুক্ষণ পর ঘর থেকে চিৎকার দিয়ে বের হয়ে ঘরের সামনে রক্তাক্ত অবস্থায় পড়ে যান আসিফ। এ সময় ভেতর থেকে তাঁর বন্ধুরা বের হয়ে দ্রুত পালিয়ে যান। কিছুক্ষণের মধ্যেই আসিফের মৃত্যু হয়।
নিহত আসিফের বড় বোন কুলসুম আক্তার অভিযোগ করে বলেন, আসিফ তাঁর বন্ধু সৈকতসহ এলাকায় আড্ডা দিত। কুলসুমের ধারণা, আসিফের হাতে থাকা মূল্যবান মোবাইল ফোনটি নিতেই বন্ধুরা তাঁকে হত্যা করেছে। তিনি এ ঘটনার বিচার দাবি করেন।
এবিষয়ে বেগমগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ারুল ইসলাম বলেন, যে নিহত হয়েছে এবং ওই ঘরটিতে যারা থাকত, তারা সবাই পূর্বপরিচিত বলে আমরা প্রাথমিকভাবে জেনেছি। ধারালো ছুরি দিয়ে হত্যাকারীরা আসিফের ঘাড় কেটে দিয়েছে এবং রক্তক্ষরণে তাঁর মৃত্যু হয়েছে। আসামিদের শনাক্ত করে গ্রেপ্তারের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য লাশ নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।

