২'শ বছরের পুরনো যে গ্রামে এখনো নিশ্চিত হয়নি মোবাইল নেটওয়ার্ক

অফিস আদালতে পর্যাপ্ত পরিমাণে নেটওয়ার্ক না-থাকার কারণে নিত্যদিনের কাজগুলো করতে ঘন্টার পর ঘন্টা, দিনের পর দিন, অপেক্ষা করেও কাজ হয়না। দীর্ঘদিন ডংনালা এলাকায় মোবাইল নেটওয়ার্ক সমস্যা থাকার পরেও ওই এলাকায় কোন মোবাইল কোম্পানির টাওয়ার স্থাপন না হওয়ার কারণে ডংনালা গ্রামের প্রায় ১৫ হাজার মানুষ পড়তে হয় প্রতিদিন বিড়ম্বনায়।
অনুসন্ধানে জানা যায় দীর্ঘবছর ধরে মোবাইল নেটওয়ার্কের সমস্যা নিয়ে চলতে হচ্ছে কাপ্তাই উপজেলাধীন রাইখালী জুমিয়া পুনর্বাসন সরকারি প্রাথমিক বিদ্যালয়,পূর্ব কোদালা সরকারি প্রাথমিক বিদ্যালয়, ডংনালা উচ্চ বিদ্যালয় সহ বৃহত্তর ডংনালা এলাকা। ভৌগলিক কারণে কাপ্তাই উপজেলাধীন ডংনালার অধিকাংশ শিক্ষা প্রতিষ্ঠানে নেটওয়ার্ক না পাওয়ার কারণে ইন্টারনেটের সেবাগুলো থেকে বঞ্চিত হচ্ছে ওই এলাকার কয়েকটি গ্রামের মানুষসহ শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীরা।
পার্শ্ববর্তী অন্য টাওয়ারের দূর্বল নেটওয়ার্কের কারণে নষ্ট হচ্ছে মোবাইল গ্রাহকদের ব্যবহৃত এমবি । এতে করে গ্রাহকদের অর্থের অপচয় হলেও কাঙ্খিত মোবাইল নেটওয়ার্কের ভোগান্তির শেষ নেই।
গ্রামীণফোন, টেলিটক, রবি, এয়ারটেল কোনটারই অত্র এলাকায় টাওয়ার স্থাপন না হওয়ায় দুর্বল নেটওয়ার্কের কারণে শিক্ষার্থীদের উপবৃত্তি, বয়স্ক ভাতা, বিধবাভাতার টাকা তুলতে গিয়ে ভোগান্তি পোহাতে হয় দিনের পর দিন। এছাড়াও ডংনালা থেকে বিদেশে যাওয়া বিভিন্ন দেশের প্রবাসী বাংলাদেশিরা রেমিট্যান্স পাঠানোর জন্য বিড়ম্বনার শিকার হয়ে এখন হুন্ডির মাধ্যমে টাকা পাঠাতে হয়। এতে করে প্রতিবছর সরকারের কোটি কোটি টাকার রাজস্ব লোকসান হচ্ছে। সরলমনা গ্রামবাসীরা আক্ষেপ করে জানায় স্থানীয় বিকাশ এজেন্ট দোকানদারদের কাছে, জানতে চায় মোবাইল নেটওয়ার্ক পাওয়া যায় না কেন ?। এর উত্তরের তারা এক কথায় বলেন মোবাইল টাওয়ার স্থাপন না হওয়ায় এই দুরবস্থা ।
ডংনালার গ্রামের অবহেলিত জনগোষ্ঠীর অনলাইন চিকিৎসা সেবা থেকেও বঞ্চিত হচ্ছে। পক্ষান্তরে অনলাইনে নেটের যোগাযোগ সচল না থাকায়, থানায় জিডি করতে ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে হয়। এ অঞ্চলের হাজারো মানুষের প্রাণের দাবি দ্রুত মোবাইল নেটওয়ার্ক পাওয়ার জন্য যে কোন মোবাইল কোম্পানির একটি টাওয়ার স্থাপন হলে ডংনালা এলাকায় মোবাইল নেটওয়ার্ক পরিপূর্ণ পাওয়া গেলে স্মার্ট রুপে ডংনালা গ্রাম গড়ে উঠবে অল্প সময়ের ব্যবধানে।
স্মার্ট বাংলাদেশে গড়তে হলে আগে স্মার্ট মোবাইল নেটওয়ার্ক প্রয়োজন বলে ডংনালার বাসিন্দা অবসরপ্রাপ্ত সিভিল সার্জন ডঃ মং ঊষা থোয়াই, শিক্ষার্থীর উকিং প্রু মারমা, পল্লী চিকিৎসক রেমুং প্রু মারমা, শিক্ষার্থী উ ম্যাচিং মারমা ও খোয়াইনু চিং মারমা সাক্ষাৎকারে জানালেন।

