প্রেমিকার সঙ্গে অভিমান করে ওমানে বাংলাদেশি যুবকের আত্মহত্যা

শাকিল নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার বসুরহাট পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের করালিয়া এলাকার শহীদ উল্যার ছেলে।শাকিলের ছোট ভাই আবদুল্লাহ বলেন, জীবিকার তাগিদে তাঁর বড় ভাই শাকিল ১১ মাস আগে ওমানের মাসকাট শহরে কাজে যান। সেখানে তিনি ইলেকট্রিক পাইপ ফিটারের কাজ করতেন।
গতকাল শনিবার সকালে মাসকাটে তাঁর থাকার ঘরের পাশে একটি নির্মাণাধীন ভবনে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন তিনি। খবর পেয়ে পুলিশ গিয়ে তাঁর লাশ উদ্ধার করে। ওই দিন সকালে কোম্পানির ফোরম্যান মোবাইল ফোনে বিষয়টি তাঁদের জানান।
আবদুল্লাহ আরও বলেন,পরিবারের সদস্যদের সঙ্গে আগের রাতেও কথা বলেছেন তিনি। আমরা যতটুকু জেনেছি, তিনি দেশে একটি মেয়ের সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন। তাঁর সঙ্গে রাগ-অভিমান করেই তিনি আত্মহত্যা করেছেন বলে আমরা ধারণা করছি। শাকিলের লাশ দেশে আনতে সরকারের সহযোগিতা কামনা করেন আবদুল্লাহ।
এ বিষয়ে জানতে চাইলে কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আনোয়ার হোসাইন পাটোয়ারী বলেন, ‘শাকিলের পরিবারের পক্ষ থেকে বিষয়টি আমাদের জানানো হয়নি। তবে অন্য মাধ্যমে বিষয়টি আমরা জানতে পেরেছি। স্বজনদের আবেদনের পরিপ্রেক্ষিতে দেশে লাশ আনার ক্ষেত্রে প্রয়োজনীয় সহযোগিতা করা হবে।’

