মানিকগঞ্জে ভ্রাম্যমাণ আদালতের ছবি তুলতে গণমাধ্যমকর্মীকে ম্যাজিস্ট্রেটের নিষেধাজ্ঞা

রবিবার (৪ফেব্রুয়ারি) বিকেলে মানিকগঞ্জের ওয়ারলেস গেট এলাকায় পালস ক্লিনিক্যাল ল্যাবরেটরিতে মোবাইল কোর্ট পরিচালনার সময় জাতীয় দৈনিক যায়যায়দিন পত্রিকার মানিকগঞ্জ জেলা প্রতিনিধি আসিফ খান মনিরকে ছবি তুলতে বাঁধা দেন জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট( সাধারণ শাখা) সাবিহা সুলতানা ডলি।
সাংবাদিক আসিফ খান মনির জানান, বেসরকারি হাসপাতালে মোবাইল কোর্ট পরিচালিত হবে জানতে পেরে মোবাইল কোর্ট পরিচালনা টিমের একজন প্রতিনিধির সাথে যোগাযোগ করা হলে ওই প্রতিনিধি তাকে ক্লিনিকে যেতে বলেন। এরপর সেখানে গিয়ে সংবাদ প্রকাশের উদ্দেশ্যে মোবাইল কোর্ট পরিচালনার সময় মুঠোফোনে দুই থেকে তিনটি ছবি ধারণ করা হয়। সেসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি তার পরিচয় জিজ্ঞাসা করেন। তখন তিনি নিজেকে সাংবাদিক পরিচয় দিলে ম্যাজিস্ট্রেটের নির্দেশে উপস্থিত পুলিশ সদস্যরা তার মুঠোফোন নিয়ে নিয়ে ছবিগুলো ধ্বংস করে দেন। ছবি তোলায় নিষেধাজ্ঞার কারণ জানতে চাইলে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি তাকে বলেন, ছবি তুলতে হলে ডিসি স্যারের লিখিত অনুমতি নিয়ে আসেন।
বিষয়টি নিয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলির মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, ছবি তোলার আগে এডিএম স্যার অথবা জেলা ম্যাজিস্ট্রেট স্যারের অনুমতি নিয়ে আসলে ছবি তোলার অনুমতি দেয়া হবে। পুলিশ সদস্যদের দিয়ে সাংবাদিকের মোবাইল ফোন কেড়ে নিয়ে ছবি ডিলিট করার বিষয়ে জানতে চাইলে কোন উত্তর না দিয়েই তিনি ফোনের লাইন কেটে দেন।
কোন কোন বেসরকারি হাসপাতালে কি কি অপরাধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে এবং কত টাকা জরিমানা করা হয়েছে সে বিষয়ে তথ্য দিতেও অস্বীকৃতি জানান নির্বাহী ম্যাজিস্ট্রেট সাবিহা সুলতানা ডলি।
মোবাইল কোর্টে সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়ার বিষয়ে নিন্দা জানিয়ে মানিকগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অতীন্দ্র চক্রবর্তী বিপ্লব বলেন, মোবাইল কোর্ট একটি স্বচ্ছ প্রক্রিয়া, এখানে ছবি তুলার ক্ষেত্রে কোন নিষেধাজ্ঞা নেই। সাংবাদিকদের ছবি তুলতে যারা বাধা সৃষ্টি করেছে তাদেরকে জবাবদিহির আওতায় আনা প্রয়োজন।
মানিকগঞ্জ জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট রেহেনা আকতার বলেন, মোবাইল কোর্ট পরিচালনার সময় সাংবাদিকদের ছবি তুলতে কোন নিষেধাজ্ঞা নেই এবং কারো কোন অনুমতিরও প্রয়োজন নেই। যিনি সাংবাদিকদের ছবি তুলতে নিষেধ করেছেন তার সাথে যোগাযোগ করে বিষয়টি দেখার আশ্বাস দেন ডিসি।

